প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৪ পিএম
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের নতুন করে ভূমি পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম। এসব কার্যক্রমকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে শুক্রবার চীনকে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে হ্যানয়।
এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) গত ১৪ আগস্ট জানায়, প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যান্টিলোপ রিফে চীন ভূমি পুনরুদ্ধারের কাজ শেষ করেছে। একই সঙ্গে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের কাজও চলছে বলে জানানো হয়। ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ পরিচালিত এএমটিআই বলেছে, নতুন কৃত্রিম দ্বীপটিতে বড় ধরনের অবকাঠামো নির্মাণের প্রাথমিক চিহ্ন দেখা গেছে। এর মধ্যে সম্ভাব্য একটি বিমানপথও রয়েছে।
এরপর গত ২৫ আগস্ট বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যান্টিলোপ রিফের কাছাকাছি ইয়াগং রিফে নতুন কিছু স্থাপনা দেখা গেছে। বাণিজ্যিক স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তোলা ছবির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
স্থাপনাগুলোর সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত না হলেও ভ্যান্টরের এক মুখপাত্র রয়টার্সকে জানান, ইয়াগং রিফের কয়েকটি স্থাপনা দক্ষিণ চীন সাগরের অন্যত্র দেখা সামরিক রাডার ও আগাম সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এগুলো কাছাকাছি অ্যান্টিলোপ রিফে গড়ে ওঠা স্থাপনার সম্ভাব্য সামরিক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলেও তিনি জানান।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হ্যাং বলেন, প্যারাসেল দ্বীপপুঞ্জের ওপর ভিয়েতনামের সার্বভৌমত্বের পক্ষে ‘পূর্ণাঙ্গ ঐতিহাসিক প্রমাণ ও আইনি ভিত্তি’ রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হ্যানয় অ্যান্টিলোপ রিফ ও ইয়াগং রিফকে যথাক্রমে হাই সাম রিফ ও বা বা দ্বীপ নামে উল্লেখ করে।
হ্যাং বলেন, প্যারাসেল দ্বীপপুঞ্জে বিদেশি যেকোনো কর্মকাণ্ড, বিশেষ করে ওই দুটি এলাকায় চলমান কার্যক্রম, ‘সম্পূর্ণ অবৈধ এবং অকার্যকর’। এ বিষয়ে চীনের কাছে ভিয়েতনাম কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, ‘ভিয়েতনাম এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে এবং ভবিষ্যতে যেন তা পুনরাবৃত্তি না হয়।’
প্যারাসেল দ্বীপপুঞ্জের ওপর ভিয়েতনাম সার্বভৌমত্ব দাবি করলেও ১৯৭৪ সাল থেকে অঞ্চলটি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। ওই বছর তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের সঙ্গে সংঘর্ষের পর চীন দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেয়।
তবে প্যারাসেলের বিপরীতে দক্ষিণে অবস্থিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম নিজস্ব অবস্থানগুলোতে ব্যাপক ভূমি পুনরুদ্ধার করেছে। স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ নিয়েও ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের সঙ্গে বিরোধ রয়েছে।
এএমটিআই গত মে মাসে জানিয়েছিল, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে ভিয়েতনাম মোট প্রায় ২ হাজার ৭৭১ একর জমি পুনরুদ্ধার করেছে। সেখানে বন্দর, গোলাবারুদ সংরক্ষণাগার ও যোগাযোগ অবকাঠামোসহ বড় ধরনের স্থাপনা নির্মাণও শুরু করেছে দেশটি। ভিয়েতনামের নিয়ন্ত্রিত বার্ক কানাডা রিফে একটি বিমানপথ নির্মাণের কাজও চলছে বলে আগে জানিয়েছিল এএমটিআই।
বিশ্লেষকদের মতে, প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভিয়েতনামের প্রতিবাদ অনেকটাই প্রত্যাশিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে হ্যানয় ও বেইজিংয়ের মধ্যে তাৎক্ষণিক বড় ধরনের উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা কম।
স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে ভিয়েতনামের নির্মাণকাজের বিষয়ে চীন এখন পর্যন্ত ফিলিপাইনের ক্ষেত্রে যেমন কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে, তেমনটা দেখায়নি। যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইনের সামান্য কর্মকাণ্ডের বিরুদ্ধেও বেইজিং অতীতে শক্ত অবস্থান নিয়েছে।
তবে পর্যবেক্ষকদের ধারণা, স্প্র্যাটলিতে ভিয়েতনামের দ্রুত সম্প্রসারণের জবাবে অ্যান্টিলোপ রিফ ও ইয়াগং রিফে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে চীন। এএমটিআইয়ের মতে, ভিয়েতনামের দ্রুত ভূমি পুনরুদ্ধারের ফলে স্প্র্যাটলিতে চীনের নির্মাণকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অ্যান্টিলোপ রিফে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বেইজিং আবারও দ্বীপ নির্মাণে এগিয়ে থাকার অবস্থান নিশ্চিত করেছে।
উভয় দেশ তাদের নিজ নিজ অবকাঠামো নির্মাণ শেষ করার পর এই ভারসাম্য কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।