× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় ৫ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ এএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ছবি: আল জাজিরা

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ছবি: আল জাজিরা

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।

এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

হামলায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার জানান, স্থানীয় সময় ভোরে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি বাড়িতে ‘নৃশংস’ হামলা চালানো হয়। 

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইরিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত ভিডিও ও ছবিতে বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ও জানালা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

হাসপাতালে কয়েকজন শিশুকে চিকিৎসা নেওয়ার ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু বলে দাবি করেন তিনি। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে সে যুদ্ধবিমান উড়তে শুনেছিল।

তার ভাষ্য, সেখানে পৌঁছানোর পরপরই তীব্র বিস্ফোরণ ঘটে এবং ইট-পাথর ও সিমেন্টের টুকরোর আঘাতে অনেকে আহত হন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন বলেও সে জানায়।

তবে ইরানের এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই বাড়ি বা বিয়ের অনুষ্ঠানে হামলার দাবি নিশ্চিত করা হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার চেষ্টা চালানোর পর ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন পাতার সক্ষমতা ও যোগাযোগকেন্দ্রে হামলা করা হয়েছে।

এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনাও অব্যাহত রয়েছে।

ইরান জানিয়েছে, তারা জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এসব ঘটনা ধারাবাহিক ‘নৃশংসতার’ অংশ। তিনি জানান, ইরান এসব অপরাধের জবাব দৃঢ়ভাবে দেবে।

কুহেস্তাক ছাড়াও কোনারাক, বান্দার আব্বাস, জাস্ক, আসালুয়েহ ও আহভাজসহ উপকূলীয় কয়েকটি শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা