বিবিসি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম
ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ছবি: বিবিসি
মহাবিশ্বের অন্ধকার শক্তি, কৃষ্ণগহ্বর ও সৌরজগতের বাইরের অজানা গ্রহের রহস্য উন্মোচনের লক্ষ্যে নাসা শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ সফলভাবে উৎক্ষেপণ করেছে।
বিজ্ঞানীদের মতে, মহাবিশ্ব পর্যবেক্ষণে এটি একটি নতুন যুগের সূচনা করতে পারে। স্থানীয় সময় রবিবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে টেলিস্কোপটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পর এটি স্পেসএক্সের রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
নাসার পরিকল্পনা অনুযায়ী, ন্যান্সি গ্রেস রোমান প্রায় ১০০ দিনের যাত্রা শেষে পৃথিবী থেকে আনুমানিক ১০ লাখ মাইল দূরের একটি অবস্থানে পৌঁছবে। সেখান থেকে এটি সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট অনুসন্ধান ও মহাবিশ্বের বিস্তৃত মানচিত্র তৈরির কাজ করবে।
নাসার প্রশাসক নিকি ফক্স বলেন, মহাবিশ্বকে আমরা যেভাবে দেখি, ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ তা বদলে দেবে। টেলিস্কোপটি দশ হাজার থেকে সম্ভবত এক লাখ নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে পারে।
রোমানের অন্যতম বিশেষত্ব হলো এর বিশাল দৃষ্টিক্ষেত্র। নাসার তথ্য অনুযায়ী, এর দৃষ্টিক্ষেত্র হাবল ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তুলনায় প্রায় ১০০ গুণ। জ্যোতির্বিজ্ঞানী জেনিফার মিলার্ড জানান, টেলিস্কোপটি পৃথিবী ও চাঁদের তুলনায় অনেক দূরে অবস্থান করবে। এর ফলে পৃথিবী ও চাঁদ থেকে আসা ইনফ্রারেড আলো পর্যবেক্ষণে কম বিঘ্ন ঘটাবে। রোমানের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে গবেষণা করা। ডার্ক ম্যাটার সরাসরি দেখা যায় না, তবে এর মহাকর্ষীয় প্রভাব শনাক্ত করা যায়। অন্যদিকে ডার্ক এনার্জিকে মহাবিশ্বের ক্রমবর্ধমান সম্প্রসারণের পেছনে থাকা শক্তি হিসেবে মনে করা হয়।
বিজ্ঞানীদের ধারণা, এই দুই উপাদান মিলে মহাবিশ্বের প্রায় ৯৫ শতাংশ। নতুন টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে নাসার প্রথম প্রধান জ্যোতির্বিজ্ঞানী ও প্রথম নারী নির্বাহী ন্যান্সি গ্রেস রোমানের নামে। হাবল স্পেস টেলিস্কোপ অনুমোদনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।