প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম
আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের দেওয়ালে গেরুয়া রঙ করেন প্রতিবাদীরা। ছবি: বিবিসি বাংলা
ভারতের কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনের দেওয়ালে গেরুয়া রঙ লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী।
‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে একদল ব্যক্তি মঙ্গলবার ভবনের সামনে জড়ো হয়ে এই ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নিষ্ক্রিয়। খবর বিবিসির।
এর আগে, গত ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি শিরোনামকে কেন্দ্র করে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরদিন আনন্দবাজার তাদের প্রধান শিরোনামে লিখেছিল—‘গেরুয়া গুন্ডামি’। মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতীকে গেরুয়া রঙ থাকায় এই শব্দচয়ন নিয়ে বিতর্ক শুরু হয়।
এই শিরোনামের কড়া সমালোচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৮ আগস্ট একটি অনুষ্ঠানে তিনি বলেন, “গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।”
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দবাজার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে। এছাড়া হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় একটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করে।
মঙ্গলবার বিক্ষোভ চলাকালীন এক আন্দোলনকারী বলেন, “পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।”
বিক্ষোভকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার বিষয়ে আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।