সিএনএ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৯ পিএম
নেপাল-তিব্বত সীমান্তবর্তী রসুয়া এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট এই আকস্মিক বন্যায় নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক জনপদ। ছবি: কাঠমান্ডু পোস্ট
নেপালের হিমালয় অঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ বন্যা ও তুষারধসকে ‘সাধারণ কোনো ঘটনা নয়’, বরং জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ফল হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এই সংকট মোকাবিলায় তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
চীন-নেপাল সীমান্তে একটি হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই ভয়াবহ জলোচ্ছ্বাস ও ধ্বংসস্তূপে এখন পর্যন্ত অন্তত ১ হাজার জনের বেশি মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪ হাজার ৫০০ মানুষ। নেপাল সরকার সতর্ক করে জানিয়েছে, বিধ্বস্ত অঞ্চলগুলোর পুনর্গঠনে কয়েক বিলিয়ন বা শতকোটি ডলারের প্রয়োজন হতে পারে।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেন, “রসুয়া জেলার ভোটে কোশি নদীতে যে বন্যা হয়েছে, তা কোনো সাধারণ প্লাবন ছিল না। হিমালয় অঞ্চলে তুষার ও বরফধসের ফলে সৃষ্ট এই দুর্যোগ এই অঞ্চলের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়।”
হিমবাহ ধসের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমালয়ের বরফ গলে যাওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় অন্য যেকোনো সময়ের চেয়ে দ্রুত হারে গলছে।
প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তার বার্তায় আরও উল্লেখ করেন, “এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে প্রাণের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এই পুরো অঞ্চলকে এখন অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে।”
এদিকে, দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপর্যস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। নেপাল সরকার এই প্রাকৃতিক দুর্যোগকে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ ‘অশনিসংকেত’ হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে জরুরি আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।