× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৫ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৬ পিএম

চিতওয়ানের কর্তৃপক্ষ অজ্ঞাত মরদেহ পুঁতে ফেলার পথ বেছে নিয়েছে। ছবি: রয়টার্স

চিতওয়ানের কর্তৃপক্ষ অজ্ঞাত মরদেহ পুঁতে ফেলার পথ বেছে নিয়েছে। ছবি: রয়টার্স

উত্তর নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০০ জন ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় আটটি জেলা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান, নাওয়ালপরাসি ইস্ট ও নাওয়ালপরাসি ওয়েস্ট জেলায়। বন্যার মূল কেন্দ্র ছিল রাসুয়া জেলা।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চিতওয়ানে ৩২১টি, নাওয়ালপরাসি ইস্টে ২১৬টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৭০টি, নুওয়াকোটে ৯৫টি, গোরখায় ৬৫টি, ধাদিংয়ে ৫৫টি, তানাহুনে ৩৮টি এবং রাসুয়ায় ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় অন্তত ২৭৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১১ জন এখনো চিকিৎসাধীন। নেপালি সেনাবাহিনীর চিকিৎসা দল ২ হাজার ৭৪০ জনকে চিকিৎসা দিয়েছে।

এ ছাড়া ১১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে নেপালি নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর ২১ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

নিখোঁজদের মধ্যে রাসুয়া জেলায়ই ৮৬৫ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৬৩৯ জন এবং ৫৮৩ জন বিদেশি নাগরিকও নিখোঁজের তালিকায় রয়েছেন।

বন্যার পানিতে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের এলাকা ও টানেল প্লাবিত হওয়ায় সেখানে কর্মরত শ্রমিকদের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো এসব এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু এবং দুর্গম পার্বত্য ভূখণ্ডের কারণে স্থলপথে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফলে হেলিকপ্টারের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

গত ২৬ আগস্ট রাসুয়া জেলার তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভোটেকোশি নদীতে হঠাৎ পানির ঢল ও ধস নামার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বসতবাড়ি, সড়ক, সেতু, সীমান্ত অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে বন্যার পানি ত্রিশূলী নদী ব্যবস্থার মধ্য দিয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে।

দুর্যোগের প্রায় এক সপ্তাহ পরও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা