× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ জলবিদ্যুতের সুড়ঙ্গে ৯ শতাধিক কর্মী আটকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২২:৪৫ পিএম

নেপালের বন্যায় ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯ শতাধিক কর্মী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা। ছবি: আল জাজিরা

নেপালের বন্যায় ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯ শতাধিক কর্মী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা। ছবি: আল জাজিরা

নেপালের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে ক্রমশই বাড়ছে নিখোঁজের সংখ্যাও। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। প্রলয়ঙ্করী প্লাবনের পর নেপালের ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯ শতাধিক কর্মী আটকা পড়েছেন। 

তাদের উদ্ধারে সোমবার অভিযান জোরদার করা হয়েছে। চীন ও ভারতের বিশেষজ্ঞদের সহায়তায় এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা রসুয়া ও নুওয়াকোটে এসব জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। 

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসের ফলে বরফ, কাদা ও পাথরের যে বিধ্বংসী ঢলে গতকাল সোমবার পর্যন্ত নেপালে ৯০৩ জন এবং চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুই দেশ মিলিয়ে এখনও প্রায় পৌনে ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। পাহাড়ি ঢলে ভেসে আসা শত শত পচতে শুরু করা মরদেহ সমতলের অগভীর কবরে দাফন করা হচ্ছে। খবর বিবিসি/ রয়টার্স ও এনডিটিভির।

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) সোমবার সকাল ৯টায় প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। চিতওয়ান জেলায় সবচেয়ে বেশি ২৭২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরপর পূর্ব নবলপুরে ২০৭টি এবং পশ্চিম নবলপুরে ১৫১টি মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া নুয়াকোটে ৯৫, গোর্খায় ৬২, ধাদিংয়ে ৫৫, তানাহুনে ৩৭ এবং রাসুয়ায় ২৪টি মরদেহ উদ্ধার হয়েছে।

নেপাল সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মূল নজর এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা, রসুয়া ও নুওয়াকোটের ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মী ও প্রকৌশলীকে উদ্ধারের কাজে, যারা ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছে। সুড়ঙ্গগুলোতে জমে থাকা ভারী কাদা ও পাথরের স্তূপ সরাতে সুনিয়ন্ত্রিত বিস্ফোরণ, এক্সকাভেটর ও সার্চলাইট ব্যবহার করছে সেনাবাহিনী। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত বলেন, প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ জমে রয়েছে, যা সুড়ঙ্গগুলো খোলার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, একসময়কার নয়নাভিরাম চিতওয়ানের পাহাড়ের নিচের সমতল যেন এখন কয়েক দিন আগের ঢলে ভেসে আসা শত শত অজ্ঞাত মরদেহের গণকবরে পরিণত হয়েছে। এখনও প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে অজ্ঞাত লাশ। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত চিতওয়ানের রসুয়া অঞ্চলের প্লাবিত উপত্যকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সমতল ভূমিতে অবস্থিত দেবঘাট বনে শত শত কবর খুঁড়েছে কর্তৃপক্ষ। এসব কবরে অজ্ঞাত ও বিকৃত হয়ে যাওয়া লাশ দাফন করা হচ্ছে। 

চিতওয়ানের ভারতপুরের চিফ ডিস্ট্রিক্ট অফিসার (সিডিও) গণেশ আর্যাল রয়টার্সকে বলেন, আমাদের আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে। অজ্ঞাত লাশগুলোকে দ্রুত পচন ধরার কারণে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। চিতওয়ান জেলা কর্তৃপক্ষ শনিবার এক দিনেই বনাঞ্চলে অন্তত ৯৬টি অজ্ঞাত লাশ দাফন করেছে। 

নেপালের হিমালয় অঞ্চলের হিমবাহ ও পর্বত গবেষক ধনঞ্জয় রেগমি এনডিটিভিকে জানিয়েছেন, বন্যায় সম্মিলিত জলপ্রবাহের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার, যা আগের হিসাবের চেয়ে বেশি। পর্বতের ওই এলাকায় আরও তিনটি হ্রদের সৃষ্টি হয়েছে আর এতে আরেক বন্যার হুমকি সৃষ্টি হয়েছে। নতুন করে পাথরধসের কোনো ঘটনা ঘটলে তিনটি হ্রদেই ধারাবাহিক প্রভাব পড়তে পারে। 

রবিবার রাতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যাকে ‘নজিরবিহীন ও প্রলয়ঙ্করী প্রাকৃতিক বিপর্যয়’হিসেবে বর্ণনা করে জানান, দুর্গম ভূপ্রকৃতি সত্ত্বেও ২১ হাজারের বেশি সেনাসদস্য ও স্বেচ্ছাসেবক উদ্ধার অভিযানে কাজ করছেন। অন্যদিকে, চীন জানিয়েছে তিব্বতের জিরোং কাউন্টিতে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকও আছেন। সেখানে ২,১০০-র বেশি উদ্ধারকারী মোতায়েন ও ত্রাণ তহবিলে ২২০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে। রেডক্রস জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৯০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, হিমবাহধসের স্থানে গঠিত কৃত্রিম গহ্বরটি বড় হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ ১ লাখ ৭৪ হাজার বর্গমিটারে পৌঁছেছে, যেখানে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমে আছে। এর বাঁধ ভাঙলে নিম্নাঞ্চলে নতুন করে বড় ধরনের প্লাবন হতে পারে। দুর্যোগের পর নদী ও হিমবাহের ডেটা চীন সময়মতো শেয়ার করছে না বলে অভিযোগ করেছেন নেপালের দুজন কর্মকর্তা। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, তারা নেপালকে নিয়মিত আবহাওয়া ও হাইড্রোলজিক্যাল তথ্য সরবরাহ করে আসছে এবং দুর্যোগ মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তার আশ্বাস দিয়েছে। নেপালের বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সাহায্য আসতে শুরু করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা