× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে লাশ দাফন শুরু, মৃতের সংখ্যা বেড়ে ৯১৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৩:১৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১৩:৩৭ পিএম

নেপালের চিতওয়ান জেলার দেবঘাটে একটি গণকবরে নম্বর-চিহ্নিত বন্যা দুর্গতদের কবরের পাশ দিয়ে পুলিশ সদস্যরা হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

নেপালের চিতওয়ান জেলার দেবঘাটে একটি গণকবরে নম্বর-চিহ্নিত বন্যা দুর্গতদের কবরের পাশ দিয়ে পুলিশ সদস্যরা হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

নেপালে ভয়াবহ বন্যার ঢলে নিহতদের মরদেহ দাফন শুরু হয়েছে। এর মধ্যে সোমবার উদ্ধার হওয়া শত শত মরদেহের মধ্যে কয়েকটির দাফন সম্পন্ন করা হয়েছে।

একই সঙ্গে নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে হিমালয়জুড়ে জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান। 

তবে স্বজনদের খোঁজে উদ্বিগ্ন ও দিশেহারা মানুষ ভিড় করছেন উদ্ধারকেন্দ্র ও হাসপাতালগুলোতে।

উপচে পড়া মর্গে অনেক পরিবারকে স্বজনের মরদেহ শনাক্ত করার হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সিএনএনের এক প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার হিমবাহের বরফ, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল ঢল সুনামির মতো আছড়ে পড়ে নেপালের বিভিন্ন গ্রাম ও শহরে। ভয়াবহ এই বন্যায় নেপাল ও সীমান্তের ওপারে চীনের তিব্বতে এখন পর্যন্ত অন্তত ৯১৯ জনের মৃত্যু হয়েছে। বন্যার স্রোতে ভেসে কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে কৈলাস পর্বতে যাওয়া অনেক পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। এ ছাড়া নেপালের বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রের ৯৩৩ কর্মীরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে নেপালি সেনাবাহিনী ও প্রকৌশলীরা।

হিমালয়ের নদী উপত্যকায় অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে সেখানকার কর্মীরা আটকা পড়েছেন এমন ধারণা থেকে তারা রবিবার সেখানকার ধ্বংসাবশেষ সরিয়ে ভেতরের দিকে এগিয়ে যান।

এর আগে উদ্ধারকারীরা সফলভাবে সুড়ঙ্গের ভেতরে একটি পাইপ প্রবেশ করাতে সক্ষম হন।

তবে রাতভর বৃষ্টি এবং নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। 

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, একপর্যায়ে খনন করা জায়গাটি পানিতে তলিয়ে যায়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে উদ্ধারকাজ আবার শুরু করা সম্ভব হয়।

দুর্যোগের সময় প্রাণে বেঁচে ফেরা জলবিদ্যুৎকেন্দ্রের কর্মীরা জানিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা।

ভারতের অন্ধ্রপ্রদেশের ৩৩ বছর বয়সী সুরেন্দ্র দৌলুরি তখন আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

তার ভাষ্য, প্রচণ্ড পানির ঢলে মুহূর্তের মধ্যে পুরো বিদ্যুৎকেন্দ্র তলিয়ে যায়।

উদ্ধারের চার দিন পর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এএফপিকে দৌলুরি বলেন, “আমরা খুব জোরে একটি শব্দ শুনতে পাই... এরপর দেখি টারবাইনের মেঝে কাদামিশ্রিত পানিতে ডুবে গেছে এবং ছয়জন কর্মী তার মধ্যে আটকা পড়েছেন।”

তিনি বলেন, “আমরা তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করতে পেরেছিলাম, কিন্তু একজনের মৃত্যু হয়।”

তার দাবি, কিছু কর্মী উঁচু জায়গায় কিংবা নির্মাণকাজ চলছিল- এমন এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, যেখানে পানির ভয়াবহ স্রোত পৌঁছাতে পারেনি।

এদিকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বাড়তে থাকার মধ্যেই বিভিন্ন এলাকায় দাফন শুরু হয়েছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাটে বন্যায় নিহতদের কয়েকজনকে গণকবরেও দাফন করা হয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের পর নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ স্বজনদের সন্ধানে অপেক্ষায় থাকা পরিবারগুলোর উৎকণ্ঠা যেমন বাড়ছে, তেমনি প্রতিটি উদ্ধার অভিযানে নতুন করে আশার আলোও দেখছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা