প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম
সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর শেষে ক্যামেরাবন্দী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: রয়টার্স
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সোমবার ইস্তাম্বুলে বৈঠকে বসছেন। এটা হবে কমিটির প্রথম বৈঠক। চুক্তি স্বাক্ষরকারী তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি তাদের চিফস অব স্টাফরাও ইস্তাম্বুলের বৈঠকে উপস্থিত থাকবেন। খবর রয়টার্সের।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও থাকবে। আলোচনায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে একত্রে কাজ করার সক্ষমতা বাড়ানো এবং যৌথ উৎপাদন ও উন্নয়নসহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জোটের লক্ষ্য হলো যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করা। চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ হয়েছে, এই তিন দেশের যেকোনো একটিরও ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটা অনেকটা ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সম্মিলিত প্রতিরক্ষা ধারার অনুরূপ।
খবরে বলা হয়েছে, তিনটি দেশই ইহুদি ইসরায়েল ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সামরিক অবস্থান নিয়ে উদ্বেগের অংশীদার। এই তিন দেশের দীর্ঘদিনের মিত্র পরাশক্তি যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করা পশ্চিম এশিয়ার অস্থিরতা সামাল দিতে হিমশিম খাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর ছয় মাস পার হয়ে গেছে। কিন্তু আলোচনার মাধ্যমে সংঘাত অবসানের কোনো লক্ষণ নেই। শান্তি আলোচনার মাধ্যমে অচলাবস্থা তৈরি হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করার প্রচেষ্টা জোরদার করেছেÑ যাকে তারা ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছে।
পশ্চিমা ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী দেশ তুরস্ক জানিয়েছে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে করা তাদের এই চুক্তিটি সম্প্রসারণযোগ্য। পরবর্তীতে মিসরের এই জোটে যোগদানের সম্ভাবনা আছে।