× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত ৮০০ ছাড়িয়েছে, নিখোঁজ ৩ হাজার

এপি/ইউএনবি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৯:২৭ পিএম

নেপালের ধাদিং জেলার গালছিতে ফুলে-ফেঁপে ওঠা ত্রিশূলী নদীর দিকে তাকিয়ে আছেন এক স্থানীয় বাসিন্দা। ছবি: নিরঞ্জন শ্রেষ্ঠা/এপি

নেপালের ধাদিং জেলার গালছিতে ফুলে-ফেঁপে ওঠা ত্রিশূলী নদীর দিকে তাকিয়ে আছেন এক স্থানীয় বাসিন্দা। ছবি: নিরঞ্জন শ্রেষ্ঠা/এপি

নেপাল ও তিব্বতের সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা চলাকালীনই নেপালের ভোতেকোশি নদীতে পানির স্তর নতুন করে বাড়তে থাকায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছে কর্তৃপক্ষ।

নেপালের স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে রবিবার সকালে বন্যার আগাম সতর্কবার্তা পাঠানো হয়। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতি জানান, উজানে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চীনা কর্তৃপক্ষ নেপালকে সতর্ক করেছে। এরপরই নতুন করে এই সতর্কতা জারি করা হয়।

তবে বারবার সতর্কবার্তায় বিপর্যস্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধাদিং জেলার বাসিন্দা গোবিন্দ শ্রেষ্ঠা বলেন, “কখনো বলা হচ্ছে বন্যা আসছে, তখন মাঝরাতেও বয়স্ক বাবা-মাকে নিয়ে উঁচু জায়গায় ছুটতে হচ্ছে। আমি মানসিকভাবে ও শারীরিকভাবে ক্লান্ত।”

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ২ হাজার ৫০২ জন। অন্যদিকে, সীমান্তের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুই দেশে নিহতের সংখ্যা ৮০৪ এবং নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।

নিখোঁজদের মধ্যে প্রায় ৩০টি দেশের কয়েক শ নাগরিক রয়েছেন। তারা মূলত হিমালয় অঞ্চলে পর্বতারোহণ বা কৈলাস শৃঙ্গে তীর্থযাত্রার জন্য সেখানে অবস্থান করছিলেন। চীনা গণমাধ্যমের তথ্যমতে, তিব্বতে নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে শতাধিক নেপালি নাগরিকও রয়েছেন।

আকস্মিক বন্যার পঞ্চম দিনেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সংযোগকারী প্রধান মহাসড়কগুলো থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। পৃথ্বী মহাসড়কের বেশির ভাগ অংশ সচল হলেও কিছু জায়গায় সংস্কার কাজ বাকি।

বন্যার তোড়ে অসংখ্য কংক্রিট ও ঝুলন্ত সেতু ধ্বংস হওয়ায় অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটি বড় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় চারটি জেলার ২০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। দুর্গত এলাকার বাসিন্দা শর্মিলা তামাং আর্তনাদ করে বলেন, “সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের বাড়িঘর আর কিছুই অবশিষ্ট নেই।”

বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয়ের উঁচু অঞ্চলে একটি হিমবাহ ধসের পর গত বুধবার এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়। পাহাড়ের শিলাস্তর ধসে পড়ার ফলে বিপুল পরিমাণ কাদা ও পানি প্রবল স্রোতে নিচের উপত্যকায় নেমে আসে, যা ঘরবাড়ি ও অবকাঠামো ভাসিয়ে নিয়ে যায়।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, “বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান মাত্র শূন্য দশমিক ১ শতাংশ হলেও আমরা জলবায়ু পরিবর্তনের চরম শিকার হচ্ছি।”

নেপালের এই চরম সংকটে বড় ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ লাখ ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রবিবার জানিয়েছেন, নেপালে ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য তার দেশ একটি বিশেষায়িত ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ দল পাঠাচ্ছে। এছাড়া মালয়েশিয়া নেপালকে ১০ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা