প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৬:৫৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৫১ পিএম
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স
নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৩৬ লাখ ডলারের (প্রায় ৪৩ কোটি টাকা) বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে শনিবার এই জরুরি সহায়তার কথা জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, নেপালের জনগণের এই দুঃসময়ে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে। জীবনরক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে এই ৩৬ লাখ ডলার ব্যয় করা হবে।
এই সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে পরবর্তী তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে।
বিবৃতিতে ইউএস পররাষ্ট্র দপ্তর আরও উল্লেখ করে, বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। নেপাল ও চীনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সহায়তার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। অনেক দুর্গম এলাকা এখনো পানির নিচে থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।