× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যা: ৭৩৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৪৯৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১২:৩৯ পিএম

নেপালে বন্যায় রবিবার সকাল পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় রবিবার সকাল পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

নেপালে ভোটেকোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানা গেছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) রবিবার সকাল ৯টায় প্রকাশিত অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে মানবদেহের অংশসহ মোট ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে- ২৫৯টি। এরপর নওয়ালপরাসি পূর্বে ১৮৪টি এবং নওয়ালপরাসি পশ্চিমে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া গোরখায় ৫৮, নুয়াকোটে ৫২, ধাদিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার হয়েছে।

বন্যার পানির স্রোতে মানুষ ও ধ্বংসাবশেষ ভেসে যাওয়ায় অনেক মরদেহ ভোটেকোশি ও ত্রিশূলী নদীর স্রোতপথ ধরে শত শত কিলোমিটার দূরে গিয়ে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি রাসুয়ায়। জেলা কর্তৃপক্ষের হিসাবে সেখানে ৫৬২ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নুয়াকোটে ১১৫ এবং মাকওয়ানপুরে ৬৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের তালিকায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন, ৫৮৯ জন বিদেশি নাগরিক এবং তাদের সঙ্গে ভ্রমণরত ১২৭ জন নেপালি নাগরিকও রয়েছেন। এছাড়া ৮৫ জন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫, নেপাল পুলিশের ২৭ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।

নেপাল সরকার জানিয়েছে, বন্যায় ২৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি যেমন রয়েছেন, তেমনি চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ছাড়পত্র পাওয়া ব্যক্তিরাও রয়েছেন।

দুর্যোগকবলিত জেলাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নেপালি সেনাবাহিনীর ৮ হাজার ৩৯৯, পুলিশের ৭ হাজার ২১৩ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৪ হাজার ২০৩ সদস্য রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার অভিযানে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দিনে জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ভেতরে আটকে পড়া ২৭৯ জনকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও ২২৭ জন বিদেশি নাগরিককে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে।

ভয়াবহ এই বন্যায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর কারণে মরদেহ শনাক্ত করাও কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শনাক্ত না হওয়া মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তহবিল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু করেছে। রাসুয়া ও নুয়াকোট জেলা প্রত্যেকে ১০ কোটি নেপালি রুপি করে নগদ সহায়তা পেয়েছে। ধাদিং পেয়েছে ৫ কোটি রুপি। এছাড়া ১৫টি স্থানীয় সরকারের মধ্যে আরও ৬৭ কোটি ৫০ লাখ রুপি বিতরণ করা হয়েছে।

নেপাল সরকার খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ৩৭টি ট্রাক পাঠিয়েছে। পাশাপাশি ত্রাণ সরবরাহে সাতটি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। শনিবার উত্তরগয়া ও ধুনচেতে আকাশপথে দুই টন খাদ্য পাঠানো হয়।

উদ্ধার ও ভারি যন্ত্রপাতি পরিচালনার কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নুয়াকোটে জ্বালানির মজুতও রাখা হয়েছে। সেখানে ৩৬ হাজার লিটার ডিজেল এবং ২৪ হাজার লিটার পেট্রোল সংরক্ষিত রয়েছে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার লিটার এভিয়েশন ফুয়েল ব্যবহৃত হয়েছে। মজুত রয়েছে আরও ১৪ হাজার লিটার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা