× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বেসরকারি খাতে দিচ্ছে ভারত, কেন এই সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১০:১৩ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৭ এএম

ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বেসরকারি খাতে দিচ্ছে ভারত, কেন এই সিদ্ধান্ত

ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতের অন্যতম সংবেদনশীল ক্ষেত্র ক্ষেপণাস্ত্র নির্মাণে বেসরকারি কোম্পানির প্রবেশের পথ আরও প্রশস্ত করল দেশটির সরকার। রাষ্ট্রীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উদ্ভাবিত সব ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি ভারতীয় শিল্পপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো এবং উন্নয়ন পর্যায় থেকে দ্রুত ব্যাপক উৎপাদনে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রযুক্তিগত যোগ্যতা, প্রয়োজনীয় সনদ এবং অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো এসব প্রযুক্তির উৎপাদন ও ব্যবহারের অধিকার পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে পারবে।

দীর্ঘদিন ধরে ভারতের ক্ষেপণাস্ত্র উৎপাদন মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও সরকারি গবেষণাগারের নিয়ন্ত্রণে ছিল। নতুন সিদ্ধান্তকে তাই দেশটির প্রতিরক্ষা শিল্পে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়ানো, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি শক্তিশালী করা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এমএসএমই) ও অন্যান্য প্রযুক্তি অংশীদারদের সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

মন্ত্রণালয়ের মতে, এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন থেকে শিল্প পর্যায়ে উৎপাদনে সফলভাবে রূপান্তর ঘটানো সম্ভব হবে। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর ও তা শিল্পখাতে কার্যকরভাবে কাজে লাগাতে ডিআরডিও ভারতীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানানো হয়েছে।

বেঙ্গালুরুভিত্তিক তাকশশীলা ইনস্টিটিউশনের গবেষক আদিত্য রামানাথনের মতে, এই সিদ্ধান্তের আওতা বেশ বিস্তৃত। এর মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-ট্যাংক ব্যবস্থা এবং স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত হতে পারে।

রাষ্ট্রীয় একচেটিয়া নিয়ন্ত্রণে পরিবর্তন

এতদিন ডিআরডিওর তৈরি অস্ত্র বৃহৎ পরিসরে উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ছিল প্রধান। ক্ষেপণাস্ত্র উৎপাদনে ভারত ডায়নামিক্স লিমিটেডের (বিডিএল) দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

রামানাথনের মতে, নতুন সিদ্ধান্তের সবচেয়ে বড় দিক হলো ক্ষেপণাস্ত্র উৎপাদনে দীর্ঘদিনের এই রাষ্ট্রীয় একচেটিয়া নিয়ন্ত্রণের অবসান ঘটতে পারে। এতদিন বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন করলেও এখন তারা আরও উচ্চমূল্যের ও গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে এসে পুরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রধান সমন্বয়কারী বা ‘প্রাইম ইন্টিগ্রেটর’ হিসেবে কাজ করার সুযোগ পাবে।

আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য

ভারত বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ওপর অনেকটাই নির্ভরশীল হলেও রাশিয়া ও ইসরায়েলের মতো দেশ থেকেও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আমদানি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা বাড়ানোর ওপর জোর দিয়েছে।

সরকারের ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো দেশেই প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়ানো। একই সঙ্গে বিদেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভারতে উৎপাদন ও বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে।

পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দুই সীমান্তেই নিরাপত্তা অনিশ্চয়তা বাড়ায় এই উদ্যোগকে আরও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে প্রায় ৩৮ বিলিয়ন ডলার ছিল, চলতি অর্থবছরে তা বেড়ে প্রায় ৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতের পর ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে আসে। চলতি বছরের প্রতিরক্ষা বাজেটও আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার প্রভাব

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাত ভারতের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলেছে। যুদ্ধক্ষেত্রে দ্রুত অস্ত্র উৎপাদন, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সরবরাহ এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য শিল্প সক্ষমতার গুরুত্ব স্পষ্ট হয়েছে।

রামানাথনের মতে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা না থাকলে এত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হতো কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ এবং গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতের অভিজ্ঞতা থেকে ভারতীয় নীতিনির্ধারকেরা শিক্ষা নিচ্ছেন।

তৈরি হচ্ছে কি ভারতের সামরিক-শিল্প কমপ্লেক্স?

বেসরকারি খাতকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও উৎপাদনে সরাসরি যুক্ত করার সিদ্ধান্ত ভারতের নিজস্ব সামরিক-শিল্প কাঠামো গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এর ফলে বড় প্রতিরক্ষা কোম্পানির পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তি সুরক্ষার প্রশ্নও রয়েছে। সংবেদনশীল সামরিক প্রযুক্তি ব্যবস্থাপনা, উৎপাদনের মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি ফাঁস রোধ এবং কঠোর সরকারি নজরদারি নিশ্চিত করাই হবে এই উদ্যোগের বড় চ্যালেঞ্জ।

সরকারের আশা, বেসরকারি খাতের প্রতিযোগিতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়ানো যাবে, আমদানি নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে ভারত আরও শক্তিশালী ও স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পভিত্তি গড়ে তুলতে পারবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা