× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ০৮:১৯ এএম

ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: রয়টার্স

ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: রয়টার্স

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, যুদ্ধে শত্রুপক্ষ তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইরান বিজয়ী হয়েছে।

তিনি বলেন, শত্রুরা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের চেষ্টা করেছিল। তবে ইরানের কাছে মজুদ থাকা ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্ত পর্যন্ত ‘সর্বোচ্চ তীব্রতায়’ শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রতিবেশী বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। আরেক খবরে বলা হয়েছে, যুদ্ধ ইরানের তেল বিক্রিতে বাধা হয়ে দাঁড়ায়নি। গত চার মাসে ইরান ৭ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানি করেছে। খবর আল জাজিরা ও দ্য ডনের।

আমির হাতামি বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে আক্রমণকারী পক্ষ তখনই বিজয়ী হিসেবে বিবেচিত হয়, যখন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে। প্রতিরক্ষামূলক যুদ্ধে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সেটিই প্রতিরোধকারী পক্ষের বিজয় হিসেবে গণ্য হয়। এই বিবেচনায় ‘শত্রু’ তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে না পারায় ইরান বিজয়ী হয়েছে।

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় তেহরান : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ আশপাশের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে ঝামেলা না করে আলোচনার মাধ্যমে এক হয়ে থাকা উচিত। কোনো দেশেরই অন্য দেশের ওপর জোর খাটানো ঠিক নয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, আটকে রাখা টাকা ফেরত দেয় এবং লেবাননে হামলা বন্ধ করে, তবেই এই নৌপথটি সাধারণ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

হরমুজের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ ইরানের হাতে

হরমুজ প্রণালী খোলা ও বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে, তা প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি নৌবাহিনীর দাবি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে রেখেছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে স্পষ্ট মিথ্যা বলে দাবি করে আইআরজিসি।

ফক্স নিউজ জানিয়েছে, তেলের বিশ্ববাজারকে প্রভাবিত করতেই মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের পরিবেশ নিয়ে ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দিচ্ছেন বলে আইআরজিসি অভিযোগ করেছে। তাদের ব্ক্তব্য, এই জলপথে তাদের নিয়ন্ত্রণ ‘সুনির্দিষ্ট ও চূড়ান্ত’। তেহরানের অনুমতি ছাড়া যেকোনো জাহাজের চলাচলে কড়াকড়ি ‘পূর্ণ শক্তিতে’ বহাল থাকবে। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত এবং চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি না মানা পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে।

৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি : যুদ্ধ ও নৌ-অবরোধ সত্ত্বেও তেল রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জন করেছে ইরান। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে বাজেটে নির্ধারিত তেল রাজস্বের লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। খবরে বলা হয়েছে, চার মাসে তেল বিক্রি থেকে অর্জিত ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার আয় ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে হস্তান্তর করেছে পেট্রোলিয়াম মন্ত্রণালয়। এই অর্থ দিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রাভিত্তিক ব্যয় মেটানো সম্ভব হবে।

ইরান তেল বিক্রি না করলে কেউ করবে না : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যে অঞ্চলে তেহরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন যে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে।

গালিবাফ বলেন, এই যুদ্ধের সমীকরণ স্পষ্ট। হয় সব, নয়তো কেউই নয়। আমরা যে অঞ্চলে তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউই তেল বিক্রি করতে পারবে না। তিনি বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে। আমরা বহুবার বলেছি, যুদ্ধের আগে হরমুজ প্রণালীতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা