× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মীরে দমন-পীড়ন: পাকিস্তানের ইউরোপীয় বাজার সুবিধা নিয়ে চাপে ইইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৯ এএম

কাশ্মীরে দমন-পীড়ন: পাকিস্তানের ইউরোপীয় বাজার সুবিধা নিয়ে চাপে ইইউ

ইসলামাবাদ ও ব্রাসেলসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে পাকিস্তানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির মানবাধিকার পরিস্থিতি। বিশেষ করে পাকিস্তান-শাসিত কাশ্মীরে সাম্প্রতিক দমন-পীড়ন এখন ইউরোপীয় ইউনিয়নের নজরে এসেছে।

গ্রীষ্মের শুরুতে পাকিস্তান-শাসিত কাশ্মীরে শুরু হওয়া বিক্ষোভ কয়েক সপ্তাহ ধরে চলার পর ব্যাপক সহিংসতায় রূপ নেয়। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে টেলিফোন ও ইন্টারনেট সেবা সীমিত রাখা, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং স্থানীয় সংগঠন ও অধিকারকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা ৭০-এর বেশি বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা প্রায় ৯০-এ পৌঁছেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দমন-পীড়ন শুধু রাজপথে সীমাবদ্ধ থাকেনি। ৫ জুন থেকে অঞ্চলটির বিভিন্ন অংশে টেলিফোন ও ইন্টারনেট সেবায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে তথ্যপ্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে জাতীয় সাইবার অপরাধ দমন সংস্থার একটি অভিযান সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল বন্ধের পথও তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনাই এখন ব্রাসেলসের পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

পাকিস্তান ২০১৪ সাল থেকে ইইউর ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস প্লাস’ (জিএসপি + )সুবিধা পেয়ে আসছে। এর আওতায় ইউরোপীয় বাজারে প্রায় দুই-তৃতীয়াংশ পণ্যের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বা শূন্য শুল্ক সুবিধা পায় পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের ইউরোপমুখী রপ্তানির ৮৫ শতাংশের বেশি শুল্ক ও কোটামুক্তভাবে ইইউ বাজারে প্রবেশ করে। ২০২৪ সালে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ২৮ শতাংশই গেছে ইউরোপীয় ইউনিয়নে।

এই বাণিজ্যের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্রপণ্য। পাকিস্তানের ইইউমুখী রপ্তানির প্রায় ৭০ থেকে ৭৬ শতাংশই এ খাতের।

তবে জিএসপি + সুবিধা শর্তহীন নয়। নাগরিক অধিকার, মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা, বিচারিক নিশ্চয়তা, নির্যাতন নিষিদ্ধকরণ, শ্রম অধিকার এবং জোরপূর্বক ও শিশুশ্রম প্রতিরোধসহ বিভিন্ন আন্তর্জাতিক সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হয় পাকিস্তানকে। শুধু এসব আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করাই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকর ও সক্রিয় পদক্ষেপ নেওয়ার প্রমাণও দিতে হয় ইসলামাবাদকে।

কাশ্মীরের পরিস্থিতির পাশাপাশি পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পর্যবেক্ষণে আরও কয়েকটি বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আটকাবস্থা, বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার এবং রাজনৈতিক বিরোধীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ।

অন্যদিকে মানবাধিকার নিয়ে উদ্বেগের মধ্যেও পাকিস্তান ও ইইউর অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ ইইউ-পাকিস্তান কৌশলগত সংলাপে বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, জলবায়ু, অভিবাসন ও চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। নতুন দ্বিপক্ষীয় ব্যবসায়িক নেটওয়ার্কে ইতোমধ্যে ৩০০টির বেশি ইউরোপীয় কোম্পানি অংশ নিচ্ছে।

তবে চলতি গ্রীষ্মে পাকিস্তান-শাসিত কাশ্মীরে সংঘটিত ঘটনাগুলো ইউরোপীয় ইউনিয়নের অবস্থানে পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে ব্রাসেলসের কার্যক্রম পুরোদমে শুরু হলে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি এবং জিএসপি + সুবিধার ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান আরও কঠোর হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা