প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম
ভেনিজুয়েলার পুয়ের্তো ক্যাবেলোতে নোঙর করা একটি তেলবাহী ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত ভেনেজুয়েলার জ্বালানি খাত পুনরুজ্জীবিত করার উদ্যোগও নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই ‘ঐতিহাসিক চুক্তি’ যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়াবে এবং সব মার্কিন নাগরিকের জন্য জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।
ট্রাম্প লিখেছেন, তার নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বেসরকারি খাতের অংশীদারত্বে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়নের বেশি ব্যারেল মজুত তেলের ওপর যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন। এ জন্য মার্কিন করদাতাদের কোনও অর্থ ব্যয় হবে না বলেও দাবি করেন তিনি।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটির কোষাগারে প্রায় ২০৯ বিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে।
কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর এ ঘোষণা এলো। চুক্তির আওতায় ভেনেজুয়েলার কয়েকটি তেলক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার পাবে এবং যুক্তরাষ্ট্রে এসব ক্ষেত্র থেকে উৎপাদিত অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করা হবে।
ভেনেজুয়েলার কর্মকর্তারা আগামী সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানিকে নতুন করে তেল অনুসন্ধান ও উৎপাদনের অধিকার দিতে চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে বিশেষ করে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকটি সূত্র জানিয়েছিল, ইজারা মডেল নিয়ে আলোচনা হচ্ছে। সম্ভাব্যভাবে তেলক্ষেত্রগুলো মার্কিন উৎপাদনকারী কোম্পানির কাছে নিলামে দেওয়া হতে পারে। তবে ভেনেজুয়েলার আইন ও সংবিধান অনুযায়ী দেশটির মূল তেলশিল্পের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকায় এই ব্যবস্থার বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
নতুন এই চুক্তি ভেনেজুয়েলার তেলশিল্পে ওয়াশিংটনের ভূমিকা নাটকীয়ভাবে বাড়াবে। ট্রাম্প প্রশাসন একদিকে দেশটির তেল উৎপাদন পুনরুদ্ধার করতে চাইছে, অন্যদিকে মার্কিন শোধনাগারগুলোর জন্য আরও বেশি অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে চাইছে।
ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত রয়েছে। কিন্তু বছরের পর বছর বিনিয়োগের ঘাটতি, অব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির দৈনিক উৎপাদন বর্তমানে মাত্র ১২ লাখ ৫০ হাজার ব্যারেল-- যা দেশটির সম্ভাব্য উৎপাদন সক্ষমতার তুলনায় অনেক কম।
তবে চুক্তিটির কাঠামো, কোন কোন তেলক্ষেত্র এতে অন্তর্ভুক্ত এবং কোন কোম্পানিগুলো এতে যুক্ত থাকবে- এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এমনকি মজুতের ওপর যুক্তরাষ্ট্র কীভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সেটিও স্পষ্ট করেননি তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুক্তিটিকে দুই দেশের জন্যই লাভজনক হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র স্থিতিশীল ও কম দামের তেল পাবে এবং এতে জ্বালানির দাম কমতে সহায়তা করবে।
ভেনেজুয়েলার জন্যও বড় অর্থনৈতিক সুফলের কথা তুলে ধরেছেন রুবিও। তিনি বলেন, চুক্তির ফলে দেশটিতে প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে, হাজারো উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি হবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে।