× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে যে কারণে আরেকটি বন্যার শঙ্কা দেখা দিয়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর শয়াপ্রু বেসি গ্রাম এবং ত্রিশূলী নদীর স্যাটেলাইট চিত্র। ছবি: প্ল্যানেট ল্যাবস

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর শয়াপ্রু বেসি গ্রাম এবং ত্রিশূলী নদীর স্যাটেলাইট চিত্র। ছবি: প্ল্যানেট ল্যাবস

হিমবাহ ধসে নেপাল ও তিব্বতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫৮৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আরেকটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার নতুন করে একটি নদীর পানি উপচে পড়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এদিকে নেপাল-চীন সীমান্তের বন্যাকবলিত এলাকায় ধ্বংসাবশেষ জমে একটি হ্রদ তৈরি হয়েছে। পানির স্তর ক্রমেই বাড়তে থাকায় এটি যেকোনো সময় ভয়াবহ বন্যার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কী ঘটেছে?

রাসুয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার বলেন, “হ্রদের পানির উচ্চতা বাড়তে দেখা যাচ্ছে। এটি কত বড় এবং পানির স্তর কত উঁচু, আমরা এখনও জানি না। তবে সেখানে পানির উচ্চতা বাড়ছে।”

বিজ্ঞানীরা বলছেন, এই দুর্যোগের ফলে একটি নয়, দুটি নতুন হ্রদ তৈরি হয়েছে। এর একটি তৈরি হয়েছে হিমবাহের কাছাকাছি উঁচু এলাকায়, যেখানে গলিত পানি আটকে আছে।

অন্যটি নেপালের একটি নদীতে। যেখানে বিশাল ভূমিধসের কারণে উপত্যকার পথ বন্ধ হয়ে যাওয়ায় নদীর পানি আটকে এই হ্রদ তৈরি হয়েছে। এটি তুলনামূলকভাবে অনেক বড় এবং বেশি ঝুঁকিপূর্ণ। 

হ্রদটি কোথায়?

হ্রদটি নেপালের লেন্দে নদী ব্যবস্থার চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে তৈরি হয়েছে।

এই নদী ভোটেকোশি ও ত্রিশূলী নদীর উজানে অবস্থিত। এসব নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কাঠমান্ডুর দিকে পানি বহন করে।

কীভাবে তৈরি হলো হ্রদ?

বুধবারের হিমবাহ ধস থেকেই ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যাপক ভূমিধসও হয়। এতে পাথর, বরফ, কাদা ও অন্যান্য ধ্বংসাবশেষ নদীর গতিপথে গিয়ে জমা হয়।

কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পবন ভট্টরাই বলেন, নতুন হ্রদটি সম্ভবত তুষারধসের কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক বাঁধের পেছনে তৈরি হয়েছে। বিপুল পরিমাণ পাথর, বরফ ও ধ্বংসাবশেষ নদীর উপত্যকায় জমে নদীর পানি প্রবাহ বন্ধ বা সংকুচিত করে দেয়। পরে সেই বাধার পেছনে পানি জমে হ্রদ তৈরি হয়।

নেপালি গবেষক ও হিমবাহজনিত বন্যা বিশেষজ্ঞ নিশেষ খাড়কার মতে, স্যাটেলাইট ছবি ও ড্রোনের ভিডিওতে দুটি হ্রদের অস্তিত্ব দেখা গেছে। একটি চীনের অংশে ওপরের দিকে এবং অন্যটি লেন্দে নদীতে তৈরি হয়েছে।

তিনি বলেন, ওপরের হ্রদটি তৈরি হয়েছে গলিত হিমবাহের পানি আটকে যাওয়ার কারণে। আর লেন্দে নদীর হ্রদটি তৈরি হয়েছে ভূমিধসের ফলে নদীর প্রবাহ বন্ধ হয়ে পানি জমে যাওয়ায়।

খাড়কা বলেন, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তবে হ্রদটি বিপজ্জনক হয়ে উঠলে নিয়ন্ত্রিতভাবে পানি বের করে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। যদিও দুর্গম ও জটিল ভূপ্রকৃতির কারণে সেই কাজও কঠিন।

কেন ঝুঁকিপূর্ণ?

হঠাৎ তৈরি হওয়া এ ধরনের হ্রদ সাধারণত স্থিতিশীল নয়। পাথর, কাদা ও অন্যান্য আলগা ধ্বংসাবশেষ থেকে তৈরি প্রাকৃতিক বাঁধের ওপর পানি জমে থাকায় সামান্য উপচে পড়াও বাঁধের ক্ষয় শুরু করতে পারে। এতে মুহূর্তের মধ্যে বিশাল পানির স্রোত নিচের দিকে নেমে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে।

ভট্টরাই বলেন, বিপদ শুধু হ্রদে নয়, বরং হঠাৎ প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায়। এত খাড়া উপত্যকায় অল্প সময়ের জন্য বাঁধ ভেঙে গেলেও প্রচণ্ড গতিতে কাদা ও ধ্বংসাবশেষ মিশ্রিত বন্যার সৃষ্টি হতে পারে। এতে নিচের জনপদগুলো খুব সামান্য সতর্কবার্তা পাওয়ার সুযোগ পাবে।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার হ্রদটিতে প্রায় ১৫ থেকে ২০ লাখ ঘনমিটার পানি জমেছিল। পরবর্তী তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি এতে প্রবেশ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিশেষ খাড়কা বলেন, হ্রদটি হঠাৎ ভেঙে গেলে আরেকটি ভয়াবহ বন্যা হতে পারে। সেই বন্যার স্রোতে বিপুল পরিমাণ কাদা ও পাথর ভেসে গিয়ে উদ্ধার অভিযান ব্যাহত করতে পারে। একই সঙ্গে নদীর নিচের দিকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ও স্থাপনাগুলোতেও থাকা মানুষ ঝুঁকিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক প্রক্রিয়াটি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নিয়মিত পর্যবেক্ষণ, সম্ভব হলে নিরাপদভাবে হ্রদের পানি কমিয়ে আনা, আগাম সতর্কবার্তা এবং সময়মতো মানুষকে সরিয়ে নেওয়ার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

উদ্ধার অভিযান কোন পর্যায়ে?

বন্যা ও ভূমিধসের কারণে উদ্ধার অভিযান শুরু থেকেই বাধাগ্রস্ত হচ্ছে। রাসুয়া জেলায় শুক্রবার নতুন হ্রদটির পানি উপচে পড়ার পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে আবার তা শুরু হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হ্রদ উপচে পড়ার ঝুঁকি ‘নিয়ন্ত্রণযোগ্য’ পর্যায়ে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা শুক্রবার জানান, বন্যায় নেপালের ছয়টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আটজন স্বাস্থ্যকর্মী নিখোঁজ রয়েছেন।

নেপাল জানিয়েছে, এই মুহূর্তে তাদের বিদেশি সহায়তার প্রয়োজন নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, বিদেশি সহায়তার প্রস্তাব স্বাভাবিক বিষয়। তবে আপাতত নেপালের নিরাপত্তা সংস্থাগুলোই উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করছে এবং তাদের বাইরের সহায়তার প্রয়োজন নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা