প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১২:৫৭ পিএম
দ্বিতীয় বন্যার শঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। ছবি: সংগৃহীত
ভূমিধসের পর সৃষ্ট একটি হ্রদ থেকে নতুন করে বন্যা দেখা দিতে পারে- এমন আশঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন।
বুধবার ভূমিধসের পর কাদা ও পানির প্রবল স্রোতে নেপাল ও তিব্বতের মধ্যকার স্থলসীমান্তের গুরুত্বপূর্ণ এলাকা গিরিয়ং বন্দর ভেসে যায়। এরপর থেকে বন্দরটির উজানে পানির উচ্চতা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা।
কয়েক ঘণ্টার ভারি বৃষ্টির পর ভূমিধসের ধ্বংসাবশেষের মধ্যে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, হ্রদটির পানি বেড়ে গিয়ে বাঁধ ভেঙে পড়লে আগামী কয়েক দিনের মধ্যে সেখানে আরও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় উদ্ধারকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিব্বতের সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন।