× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৯০, নিখোঁজ ১৫০০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ০৮:১৪ এএম

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন কাদায় ঢেকে যাওয়া ভবন। ছবি: রয়টার্স

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন কাদায় ঢেকে যাওয়া ভবন। ছবি: রয়টার্স

হাহাকার। চারপাশে কান্না। মুহূর্তেই থমকে গেল জীবন। উপত্যকার বুকজুড়ে হিমালয়সম বেদনা। হিমালয়ের শান্ত ও পবিত্র উপত্যকায় প্রকৃতির এমন নির্মম ও হিংস্র রূপ এর আগে খুব কমই দেখেছে বিশ্ব। এক লহমায় বুনো জলের তীব্র স্রোত আর কাদার পাহাড় ভাসিয়ে নিয়ে গেছে সাজানো সংসার, কেড়ে নিয়েছে শত শত স্বপ্ন আর তাজা প্রাণ। নেপালের ল্যাংটাং লিরুং শৃঙ্গের উত্তর ঢাল থেকে তিব্বতের লেন্দে খোলা নদীতে বিশাল বরফ ও পাথরের ধস আছড়ে পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া এই মহাপ্রলয় মুহূর্তেই রূপ নেয় এক চরম মানবিক বিপর্যয়ে। 

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র আবি নারায়ণ কাফলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯০ জনে পৌঁছেছে। তবে কাদার নিচে চাপা পড়া আর নদীর তোড়ে ভেসে যাওয়া মানুষের হাহাকারে হিমালয়ের হিমশীতল বাতাস অনেক ভারী। 

চিরশান্ত পর্বতের কোলে পুণ্য লাভ কিংবা রোমাঞ্চের সন্ধানে এসে এমন ভয়ংকর নিয়তির মুখোমুখি হবেন, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, বিপর্যয়ের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অন্তত ৯ শতাধিক মানুষ এখনও নিখোঁজ, যার মধ্যে শ’ছয়েক দেশি-বিদেশি পর্যটক। অন্যদিকে তিব্বতের জিরং কাউন্টিতেও ২৬০ বিদেশিসহ ছয়শজনের মতো নিখোঁজ থাকার তথ্য দিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

কৈলাস ও মানস সরোবর দর্শনে যাওয়া তীর্থযাত্রীদের গল্পগুলো বুক ভেঙে দেওয়ার মতো। ভারতীয় আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেব তিব্বত থেকে দেওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় জানান, তার ইশা ফাউন্ডেশনের মাধ্যমে যাওয়া ৮০ জন পুণ্যার্থী ঠিক সেই মুহূর্তে নেপাল-চীন সীমান্তের জিরং ইমিগ্রেশন ভবনে অবস্থান করছিলেন, যখন কাদার এক দানবীয় দেওয়াল পুরো ভবনটিকে গুঁড়িয়ে দেয়। কান্নাজড়িত কণ্ঠে সাধগুরু বলেন, ‘পুরো দলটি ওই ভবনের ভেতর ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন, সব রাস্তা বন্ধ, আমরা কোনোভাবেই সেখানে পৌঁছতে পারছি না।’ এই দলের পুণ্যার্থীথের মধ্যে ৪৬ জনই ছিলেন নারী।

নিখোঁজের তালিকায় রয়েছেন ভারতের অন্তত ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন, কানাডার ২৫ জন এবং ইউক্রেনের ৫৩ জন পর্যটক। এ ছাড়া নিখোঁজদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার ১৭ জন, জাপানের ৫ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন এবং দক্ষিণ কোরিয়ার ৯ জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী।

প্রলয়ের ভয়াবহতা

বিপর্যয় থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা মানুষের চোখেমুখে এখনও তাড়া করে ফিরছে সাক্ষাৎ মৃত্যুর বিভীষিকা। নেপাল সীমান্তে থাকা এক পর্যটক আতঙ্কে কাঁপতে কাঁপতে দ্য গার্ডিয়ানকে বলেন, ‘হঠাৎ পাহাড় চিরে একটা বিকট গর্জন হলো, মনে হলো যেন পুরো পর্বতটাই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে! আমাদের পায়ের মাত্র এক মিটার নিচ দিয়ে কাদার এক পাহাড় বয়ে গেল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল।’

বিপর্যয় যেন কাটতেই চাইছে না। পানির তোড়ে নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হয়ে পাহাড়ে এক বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদের জলস্তর দ্রুত বাড়তে থাকায় যেকোনো মুহূর্তে তা ফেটে দ্বিতীয় দফায় আরও বড় বিপর্যয় সৃষ্টির তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ নদীর তীরবর্তী অঞ্চল ও উদ্ধারকর্মীদের অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে।

ত্রিশূলী বাজার থেকে শুরু করে দেবীঘাট পর্যন্ত এখন কেবল ধ্বংসস্তূপ আর কাদার সাম্রাজ্য। এর ভেতরে জীবনের সন্ধানে মরিয়া হয়ে লড়ছেন নেপালি সেনা ও পুলিশের পাঁচ সহস্রাধিক সদস্য। দুর্গম পাহাড়ি পথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে ড্রপ করা হচ্ছে জরুরি খাদ্য ও চিকিৎসাসামগ্রী। ইতোমধ্যে ২০ জন বিদেশিসহ ১২৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও প্রতি মুহূর্তে ভেসে উঠছে এক একটি নিথর দেহ।

পরিসংখ্যানে মহাবিপর্যয়

কেবল শত শত মানুষের প্রাণহানিই নয়, হিমালয়ের বক্ষ চিরে ধেয়ে আসা এই প্রলয়ংকরী হড়কা বান ও ভূমিধস নেপালের অর্থনীতি ও অবকাঠামোর মেরুদণ্ডও ভেঙে দিয়েছে। হিমবাহ ধসের পরপরই ধ্বংসস্তূপ ও কাদার স্রোত প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটারের এক অকল্পনীয় বেগে পাহাড়ি গিরিখাত দিয়ে ধেয়ে আসে। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এটি ১৩ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি তছনছ করে দেয়। 

কাদা ও পাথরের তীব্র স্রোত নেপাল ও চীনের মধ্যকার অন্যতম প্রধান বাণিজ্য পথ পাসং লামু মহাসড়কের অন্তত ৪০ থেকে ৪২ কিলোমিটার অংশ পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে। নদীর ভাটিতে থাকা জনবসতিগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম অন্তত ১৯টি সেতু ও পায়ে হাঁটার পথ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে ওই এলাকার অসংখ্য মানুষ এখন মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। পানির তোড়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ধাক্কাতেই নেপালের জাতীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১২ শতাংশ বিকল হয়ে পড়েছে, যা দেশটিকে চরম লোডশেডিংয়ের ঝুঁকিতে ফেলেছে। নদী অববাহিকায় অবস্থিত গুরুত্বপূর্ণ যাতায়াত ও পরিবহন অবকাঠামোর প্রাথমিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ পাউন্ড (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৪০ কোটি টাকা)।

প্রকৃতির এই রুদ্ররোষ কেবল মানুষের জীবনই কেড়ে নেয়নি, পাহাড়ি এই জনপদের যোগাযোগ ও অর্থনীতির চাকাও বহু বছরের জন্য থামিয়ে দিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে এই জনপদকে আবার নতুন করে গড়ে তোলা এখন নেপাল সরকারের জন্য এক হিমালয়সম চ্যালেঞ্জ।

বিশ্বজুড়ে শোক ও সংহতি

হিমালয়কন্যার এই হৃদয়বিদারক কান্নায় ব্যথিত পুরো বিশ্ব। ভ্যাটিকান থেকে পোপ লেও চতুর্দশ গভীর সমবেদনা জানিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আধ্যাত্মিক বার্তা পাঠিয়েছেন। সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৫ লাখ ডলার ও দুর্যোগ বিশেষজ্ঞ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রকৃতির অন্ধ আক্রোশের কাছে মানুষ যে কত অসহায়, তার নির্মম সাক্ষী হয়ে থাকবে হিমালয়ের এই উপত্যকা। কাদার পুরু স্তরের নিচে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোর খোঁজে স্বজনদের কান্নায় আজ ভারী নেপালের আকাশ-বাতাস। এক পলকের বুনো জলে ভেসে গেছে শত জীবনের বর্ণিল ইতিহাস; পড়ে রইল কেবল এক অনন্ত শূন্যতা আর হাহাকার। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা