প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২২:০৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ২২:৩৮ পিএম
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স
নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত দেশটির আটটি জেলা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বত সীমান্তে সৃষ্টি হওয়া একটি ‘কৃত্রিম হ্রদ’ নিয়ে নতুন করে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’কে প্রাণহানির এই নতুন তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালেও নিহতের সংখ্যা ২৮৯ ছিল, যা বিকেলের দিকে সাড়ে তিন শ ছাড়িয়ে যায়।
সবচেয়ে বেশি মৃত্যু চিতবনে
পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতবন জেলায়। সেখান থেকে এখন পর্যন্ত ১৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পূর্ব নাওয়ালপরাসিতে ৮২, ধাদিংয়ে ৩৩, গোর্খায় ৩০, নুয়াকোটে ২৮, তানাহুনে ২২, রসুয়ায় ১৭ এবং পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দুর্গত এলাকায় নেপাল সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পাহাড় ধস ও ধ্বংসাবশেষের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
নতুন ‘কৃত্রিম হ্রদ’ ও চীনের সতর্কতা
কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে নতুন করে বড় ধরনের বন্যার হুমকি দেখা দিয়েছে। তিব্বত সীমান্ত এলাকায় ভূমিধসের ফলে নদীর প্রবাহ আটকে তৈরি হয়েছে এক বিশালাকার ‘ব্যারিয়ার লেক’ বা কৃত্রিম হ্রদ। চীনা কর্তৃপক্ষ স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে এই বিপজ্জনক পরিস্থিতি শনাক্ত করে নেপালকে সতর্ক করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ের বিশাল অংশ ধসে নদীর ওপর পড়লে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে কৃত্রিম হ্রদ তৈরি হয়। পানির চাপ বাড়লে এই অস্থায়ী বাঁধটি হঠাৎ ফেটে যেতে পারে, যাকে বলা হয় ‘গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’। এমনটি ঘটলে কয়েক মিনিটের মধ্যে ভাটির জনপদগুলোতে বুধবারের চেয়েও শক্তিশালী জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এই হুমকির মুখে সিন্ধুপালচক, রাসুয়া ও নুয়াকোট জেলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঝুঁকিতে ১৭ হাজার শিশু
বিবিসির খবরে বলা হয়েছে, নেপালের এই প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়ে দুর্গত শিশুদের জীবন বাঁচাতে দ্রুত সহায়তার আবেদন করেছে।
নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, “বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন পানিবাহিত রোগ, পুষ্টিহীনতা, সহিংসতা ও শোষণের চরম ঝুঁকির মুখে রয়েছে।” পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফ ১ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের (১৭.২ মিলিয়ন ডলার) জরুরি তহবিলের আবেদন জানিয়েছে।
কেন এই বিপর্যয়?
প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত সীমান্ত এলাকায় একটি ভূকম্পন শনাক্ত করা হয়। এর মাত্র তিন মিনিট পর ভোতেকোশি নদীতে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই কাদা, পাথর আর হিমশীতল পানির প্রবল স্রোত জনবসতি, সড়ক ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভাসিয়ে নিয়ে যায়।
বন্যায় ভোতেকোশি নদীর ওপর স্থাপিত স্বয়ংক্রিয় বন্যা পর্যবেক্ষণ কেন্দ্রগুলো ভেসে যাওয়ায় আগাম কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যায় কয়েক শ পর্যটক ও স্থানীয় বাসিন্দা এখনো দুর্গম এলাকায় আটকা পড়ে আছেন। ভূতাত্ত্বিকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে ভবিষ্যতে এই ধরনের আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়বে।