কাঠমান্ডু পোস্ট
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:২০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৮:৩০ পিএম
নেপালের ভোতেকোশি নদীর উজানে স্থাপিত স্বয়ংক্রিয় বন্যা পর্যবেক্ষণ কেন্দ্রগুলোও বন্যার তোড়ে ভেসে গেছে। ছবি: কাঠমান্ডু পোস্ট
নেপালে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার বিকেল পৌনে চারটা পর্যন্ত আটটি জেলা থেকে ৩৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’কে প্রাণহানির এই নতুন তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালেও নিহতের সংখ্যা ২৮৯ বলে জানানো হয়েছিল। কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতবন জেলায়। সেখানে এখন পর্যন্ত ১২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পূর্ব নাওয়ালপরাসিতে ৭৪, ধাদিং ও গোর্খায় ২৯ জন করে, নুয়াকোটে ২৮, তানাহুনে ১৯, রসুয়ায় ১৭ এবং পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দুর্গত এলাকাগুলোতে নেপাল সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সম্মিলিতভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড় ধস ও বন্যার ধ্বংসাবশেষের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত সীমান্ত থেকে আসা এই ভয়াবহ বন্যা রসুয়াসহ কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নভাগের ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকায় তীব্র আঘাত হেনেছে। এতে জনবসতি, সড়ক, সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।