প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:৩৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৬:৩৭ পিএম
নেপালে আকস্মিক বন্যা। ছবি: বিবিসি
নেপাল ও তিব্বতে বুধবারের ভয়াবহ বন্যার পর অন্তত ২৮৮ জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বন্যার কারণে তিব্বতে প্রায় ২০০ ভারতীয় নাগরিক আটকা পড়েছেন। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, “সেখানে বেশ কিছু মানুষ নিখোঁজ থাকতে পারেন। স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তাদের খুঁজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তবে স্বস্তির খবর হলো, নেপালের পবিত্র কৈলাস মানসসরোবর যাত্রায় গিয়ে আটকা পড়া ২১ জন ভারতীয় নাগরিককে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নেপালি সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ওই বন্যায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮২৬ জন, যাদের মধ্যে ৫১৭ জনই বিদেশি পর্যটক। নিখোঁজ বিদেশি পর্যটকদের এই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে নেপালের সেনাবাহিনী ও পুলিশ দুর্গত এলাকাগুলোতে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে।