কাঠমান্ডু পোস্ট
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৫:৫৪ পিএম
নেপালের ধাদিং জেলার গালছিতে বুধবার আকস্মিক বন্যায় তলিয়ে গেছে একটি সড়ক। ছবি: রয়টার্স
নেপালে বুধবারের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিখোঁজদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি পর্যটক রয়েছেন।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’কে প্রাণহানির এই নতুন তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতবন জেলায়। সেখানে এখন পর্যন্ত ১০৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পূর্ব নাওয়ালপরাসিতে ৬২, ধাদিংয়ে ২৭, গোর্খায় ২০, রসুয়ায় ১৭, পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের তালিকায় নিরাপত্তা বাহিনীর ৮৫ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য।
সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ পর্যটকদের নিয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৬৪৪ জন পর্যটকের মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক। বাকি ১২৭ জন নেপালি পর্যটক।
প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক এই বন্যা রসুয়াসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্রবল বেগে ত্রিশূলি ও নারায়ণী নদী অববাহিকায় আঘাত হেনেছে। এতে জনবসতি, রাস্তাঘাট, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ধসে পড়েছে।
দুর্গত এলাকাগুলোতে নেপাল সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।