প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১২:০৭ পিএম
নেপালে ভয়াবহ বন্যার পর উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত
বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ, সংঘাত ও রক্তপাতের খবর প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে, তখন নেপালের ভয়াবহ বন্যা ও দুর্যোগে ভিন্ন এক চিত্র দেখা গেল। ভৌগোলিক সীমারেখা, রাজনৈতিক মতপার্থক্য কিংবা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নেপালে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
নেপালের বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী ভারত। প্রায় ১০ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে একটি উদ্ধারকারী বিমান পাঠিয়েছে দেশটি। এসব সামগ্রীর মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের সরঞ্জাম, কম্বল, স্বাস্থ্য সামগ্রী, সৌরবিদ্যুৎচালিত বাতি ও ওষুধ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিও। ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘কোপার্নিকাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস’ সক্রিয় করেছে। স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগকবলিত এলাকার ছবি সংগ্রহ করে ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করা হচ্ছে। এসব তথ্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে।
নিখোঁজ নাগরিকদের উদ্ধারে উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়াও। নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত কয়েকজন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধানে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে নেপাল সরকার। নিখোঁজদের উদ্ধারে সহায়তার জন্য সরকারি কর্মকর্তা, দমকল ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দ্রুত প্রতিক্রিয়া দল নেপালে পাঠানোর পরিকল্পনা করেছে সিউল।
যুক্তরাষ্ট্রও নেপালের পাশে দাঁড়িয়েছে। দেশটি একজন দুর্যোগ মোকাবিলা-বিষয়ক পরামর্শক নেপালে পাঠানোর কথা জানিয়েছে। পাশাপাশি ৫ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে নেপালের বন্যাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিব্বতে নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির আরও অবনতি ও নতুন করে দুর্যোগের ঝুঁকি ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু রাষ্ট্রীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোও এগিয়ে এসেছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন (আইএফআরসি) নেপাল রেড ক্রস সোসাইটির ত্রাণ কার্যক্রম ও ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তার জন্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার জরুরি তহবিল হিসেবে বরাদ্দ করেছে।
নেপাল সরকারের নেতৃত্বে পরিচালিত ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য কর্মী মোতায়েন করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে জাতিসংঘ তাদের পাশে রয়েছে। একই সঙ্গে জাতিসংঘের চীন কার্যালয় তিব্বতে উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধ ও সংঘাত মানুষের জীবনকে বিপন্ন করছে, তখন নেপালের দুর্যোগ বিশ্বের বিভিন্ন দেশকে একই মানবিকতার জায়গায় দাঁড় করিয়েছে।