প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম
অর্থনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, বিনিয়োগের প্রতিশ্রুতি এবং দুই দেশের ব্যবসায়িক সম্পৃক্ততা আরও গভীর হওয়ায় ২০৩০ সালের মধ্যে ভারত ও জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। টোকিওতে প্রকাশিত অ্যাসোচামের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনটি টোকিওতে স্টার্টআপবিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রকাশ করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এ সময় জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মোহাম্মদ মালিক, অ্যাসোচামের সভাপতি নির্মল কুমার মিন্ডা এবং মহাসচিব সৌরভ সানিয়াল উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও জাপানের পণ্যবাণিজ্য ২০২০-২১ অর্থবছরে ২০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। পাঁচ বছরে বাণিজ্য বেড়েছে ৩৩ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১৯ দশমিক ১ শতাংশ এবং চীনের সঙ্গে ৩১ দশমিক ১ শতাংশ।
জাপান বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী। আগামী এক দশকে ভারতে বেসরকারি খাতে ১০ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। উচ্চপর্যায়ের ধারাবাহিক সফর ও বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্যের অগ্রগতি এবং নতুন বিনিয়োগ ঘোষণা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যাসোচামের মতে, ভারত ও জাপানের অর্থনীতি পরস্পরের জন্য পরিপূরক। ভারতের রয়েছে বড় ও দ্রুত সম্প্রসারিত বাজার, তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান উৎপাদনভিত্তি। অন্যদিকে জাপান উন্নত প্রযুক্তি, পুঁজি ও শিল্পখাতের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ভারতের অর্থনৈতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে জাপানের মোট বৈশ্বিক আমদানিতে ভারতের অংশ এখনো ১ শতাংশের নিচে। অ্যাসোচামের মহাসচিব সৌরভ সানিয়াল বলেন, এর অর্থ জাপানের বাজারে ভারতের উপস্থিতি বাড়ানো এবং উচ্চমূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।
এদিকে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা প্রচলিত শিল্পখাতের গণ্ডি ছাড়িয়ে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং স্থিতিস্থাপক সরবরাহব্যবস্থার মতো নতুন ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে।
অ্যাসোচামের সভাপতি নির্মল কুমার মিন্ডা জাপানকে ভারতে আরও গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং উদ্ভাবনকেন্দ্র, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রকৌশল অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।