প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ০৯:২২ এএম
আলজেরিয়ার পার্বত্য বেজাইয়া প্রদেশে আগুন নেভানোর জন্য কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মী। ছবি: রয়টার্স
উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫৪ জন আহত হয়েছেন।
বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ। তিনি বলেন, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
আগুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
সায়ুদের দেওয়া তথ্য অনুযায়ী, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি উজুতে তিনজন মারা গেছেন।
আহতদের দেখতে বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, আগুনে পুড়ে ও ধোঁয়ায় অসুস্থ হয়ে ৫৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা এপিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশজুড়ে মোট ১৫৪টি অগ্নিকাণ্ড নথিভুক্ত করেছে সিভিল প্রোটেকশন বাহিনী। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ঘটেছে ৩৬টি। এসবের মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সায়ুদ বলেন, স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ায় ১৮টি এলাকায় এখনো আগুন জ্বলছে। এছাড়া জিজেলের ১২টি পৌরসভায় আগুন নেভানোর কাজ চলছে।
দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম জিজেল নিউজে প্রচারিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয় বাসিন্দাদের একটি ডাকঘরে আশ্রয় নিতে দেখা গেছে।
আলজেরিয়ায় গ্রীষ্মের তীব্র গরমের সময় প্রায়ই ভয়াবহ দাবানল দেখা যায়। শুধু গত মাসেই দেশটিতে দাবানলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাস দেশটির বনাঞ্চলঘেরা ভূমধ্যসাগরীয় উপকূলে দাবানলের ঝুঁকি আরও বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।