প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ০৮:১৭ এএম
নেপালে বন্যায় জলবিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে এ ঘটনায় শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
বন্যার পানির প্রবল স্রোতে নেপালের বেশ কয়েকটি গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পর দেশটিতে প্রায় ৪০৩ জন পর্যটকের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ১৪২ জন ভারতের নাগরিক। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।
নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে অন্তত তিনজন নিহত এবং আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করা হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই দুর্যোগের পর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার পুরো দায়িত্ব সরকার নিয়েছে। এমন দুর্যোগের সময়ে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।
দুর্গত পার্বত্য জেলা রাসুয়ায় পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে, হেলিকপ্টারও সেখানে নামতে করতে পারছে না। জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার ভোতে কোশি নদীর তীরে বসবাসকারীদের দ্রুত উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, আশপাশের কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্পের স্থাপনাও পানির স্রোতে ভেসে গেছে।
নেপালের সরকারি মুখপাত্র সাসমিত পোখরেল জানান, উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ভারত ও চীনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
তিব্বতেও ব্যাপক ক্ষয়ক্ষতি
সীমান্তের ওপারে তিব্বতের গিরং কাউন্টিতেও ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীন-নেপাল সীমান্তের একটি স্থলবন্দরে ভূমিধসের পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
নেপালের জলবায়ু অধিকারকর্মী প্রয়াশ অধিকারী বলেন, ভয়াবহ এই বন্যায় পুরো গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ভবন, স্কুল, সেতু ও মহাসড়কও পানির স্রোতে ভেসে গেছে বলে তিনি জানান।
এদিকে, বন্যার পানি ভারতের বিহার রাজ্যে পৌঁছানোর আশঙ্কায় ছয়টি জেলা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
পাহাড়ি উপত্যকায় পানির ভয়াবহ স্রোত
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নেপাল পুলিশের ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি উপত্যকাগুলোর মধ্য দিয়ে কাদামিশ্রিত পানির ভয়াবহ স্রোত ধেয়ে যাচ্ছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুভিত্তিক ইংরেজি দৈনিক রিপাবলিকার সম্পাদক কোশ রাজ কৈরালা জানান, ভারি বৃষ্টিপাত ছাড়াই আকস্মিক বন্যা শুরু হওয়ায় অনেক মানুষ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, অনেক মানুষ তখন নিজ নিজ বাড়িতে ছিলেন এবং নদীর স্রোতে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায়।
প্রধানমন্ত্রী শাহ পরিস্থিতি পর্যালোচনায় জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নেপাল সেনাবাহিনী দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য পাঠিয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও চলছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ক্ষতির কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।
দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আটজন দক্ষিণ কোরিয় নাগরিকও নিখোঁজ রয়েছেন। আরও ১০ জন সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্ধারে নেপাল একটি দল পাঠিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়াও পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছে এবং সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের নিয়ে একটি দ্রুত প্রতিক্রিয়া দল নেপালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
হিমবাহের বরফ ও পাথরের ধস থেকেই বন্যা?
আকস্মিক বন্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নেপালের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভোতে কোশি নদীর শাখা লেন্দে খোলা নদীতে বুধবার সর্বোচ্চ মাত্রার বন্যা দেখা দেয়। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ শাশ্বত সান্যাল বলেন, গত ১৪ মাসে লেন্দে খোলা নদীতে দুইবার ভয়াবহ বন্যা হয়েছে। এবার নেপালের অংশে একটি হিমবাহ থেকে বরফ-পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যায়। পরে সেই বাধা ভেঙে আকস্মিকভাবে বিপুল পানি নিচের দিকে নেমে আসে।
জলবায়ু অধিকারকর্মী অধিকারী বলেন, দুর্গত জনগোষ্ঠীকে রক্ষায় আগাম সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম প্রস্তুতি ও সতর্কতার মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব।
ভোতে কোশি নদীর উৎপত্তি তিব্বতে। নদীটি নেপালে প্রবেশ করে ত্রিশূলী নদীতে মিশেছে এবং পরে ভারতের দিকে গিয়ে গণ্ডক নদী হিসেবে প্রবাহিত হয়েছে।
গত বছরও ভোতে কোশি নদীতে বন্যায় ৯ জন নিহত এবং ২৪ জন নিখোঁজ হয়েছিলেন। ওই বন্যায় নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেসে যায়। ফলে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য ব্যাহত হয়। আঞ্চলিক জলবায়ু পর্যবেক্ষকদের মতে, তিব্বতের একটি হিমবাহ-সংলগ্ন হ্রদের পানি আকস্মিকভাবে বেরিয়ে যাওয়ায় ওই বন্যা হয়েছিল।
প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা যায়। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের মাত্রা ও ঘনত্ব দুটোই বাড়ছে।
সূত্র: আল জাজিরা