প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২১:২৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২১:৩৯ পিএম
নেপালের ধাদিং জেলার গালছিতে বুধবার আকস্মিক বন্যায় তলিয়ে গেছে একটি সড়ক। ছবি: রয়টার্স
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমালয় অঞ্চলে পাহাড়ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই বন্যায় নেপাল অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি কয়েকশ বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বুধবার এই বিপর্যয়ের তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে নদীর প্রবল স্রোতে বহু মানুষ ভেসে যাচ্ছেন। এই বন্যায় অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্প বিধ্বস্ত হয়েছে।

বিপর্যয়ের মূলে ভূমিকম্প
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বুধবার দেশটির পার্লামেন্টে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই এলাকায় একটি ভূমিকম্পের পর তুষারধস শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ বন্যায় রূপ নেয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, বন্যার ঠিক সাত মিনিট আগে ওই অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রসুয়াগাধি সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে লেন্দে নদীতে তুষার ও পাথরের ধস নামার ফলে এই বিপর্যয় ঘটে।

নিখোঁজদের তালিকায় বিদেশি নাগরিক
নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত অঞ্চল থেকে অন্তত ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি ভারতীয়, ১২ জন ব্রিটিশ এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। এ ছাড়া একটি জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দক্ষিণ কোরিয়ার ৮ জন নাগরিকও নিখোঁজ বলে জানা গেছে।
নেপাল পুলিশ এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া অন্তত ৬৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে কাঠমান্ডুসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্বিতীয় দফায় বন্যার সতর্কতা
কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডিয়ের বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং সতর্ক করে বলেছেন, নদীর উজানে এখনো পাহাড়ধসের স্তূপ জমে থাকায় দ্বিতীয় দফায় বন্যার ঝুঁকি রয়েছে। রসুয়া জেলা প্রশাসক নরেন্দ্র পরিয়ার ভটে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
রসুয়ার স্থানীয় স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বিকে রয়টার্সকে বলেন, “সবদিকে শুধু ধ্বংসলীলা। নদীর তীরের জনবসতিগুলো পুরোপুরি ভেসে গেছে। আমার নিজেরই পাঁচজন আত্মীয় নিখোঁজ রয়েছেন।”

ভারত ও চীনে হাই অ্যালার্ট
নেপালের পাহাড় থেকে নেমে আসা এই ঢলের কারণে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিহার কর্তৃপক্ষ ইতিমধ্যে ৬টি জেলা থেকে প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। আরও ১০ থেকে ১২ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, কাদা ও পাথরধসে তিব্বতের জিরং বন্দরের যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে সেখানে ৬ শতাধিক কর্মী ও শতাধিক যানবাহন মোতায়েন করা হয়েছে।
গত বছরও তিব্বতের একটি হিমবাহ লেক উপচে সৃষ্ট বন্যায় নেপালে ৯ জনের মৃত্যু হয়েছিল। সে সময় নেপাল-চীন সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।