নেপালের রাসুয়া জেলায় ভোতেকোশি নদীর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত সরকার। ত্রাণসামগ্রী ইতোমধ্যে নেপালে পৌঁছেছে।ত্রাণসামগ্রীগুলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী খড়কা রাজ পৌডেল ‘গণেশ’-এর কাছে হস্তান্তর করেন নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছিলেন, রাসুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় সামগ্রী এবং জরুরি ওষুধ নেপালে পাঠানো হয়েছে।
বন্যায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জয়শঙ্কর বলেন, এই কঠিন সময়ে ভারত নেপাল ও নেপালের জনগণের পাশে রয়েছে।
ভোতেকোশি বন্যায় রাসুয়া জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই সহায়তা পাঠানো হলো।