প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ০০:৩৫ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন (সিজিএন) দক্ষিণ কোরিয়ায় পাঁচটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা প্রায় ২ দশমিক ২ গিগাওয়াট। চীনা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দক্ষিণ কোরিয়ার বিদ্যুৎ অবকাঠামো ও জাতীয় গ্রিডে প্রবেশাধিকার থাকায় দেশটির পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২৪ জুলাই সিজিএন জানায়, দক্ষিণ চুংচেওং প্রদেশের সিওসান শহরের দেসান শিল্পাঞ্চলে তাদের ৫৫৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এলএনজি-চালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কেন্দ্রটি বছরে সর্বোচ্চ প্রায় ৩ দশমিক ৯ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। একই সঙ্গে দেসান শিল্পাঞ্চলের পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানগুলোকেও বিদ্যুৎ সরবরাহ করবে। কেন্দ্রটি দক্ষিণ কোরিয়ায় সিজিএন দেসান ইলেকট্রিক পাওয়ারের অধীনে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট।
দেসান শিল্পাঞ্চলটি পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্যাম্প হামফ্রিস থেকে প্রায় ৪৫ মাইল পশ্চিমে অবস্থিত।
সিজিএনের আরেক সহযোগী প্রতিষ্ঠান সিজিএন ইয়ুলচন ইলেকট্রিক পাওয়ার দক্ষিণ জিওলা প্রদেশের গোয়াংইয়াং শহরের ইয়ুলচন জেনারেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-১-এ ১ হাজার ৩৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইয়ুলচন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। একই শিল্পাঞ্চলে হুন্দাই স্টিলের সানচেওন কারখানা ও একটি হুন্দাই স্টিল জেটিও রয়েছে।
সিজিএন আগে চায়না গুয়াংডং নিউক্লিয়ার পাওয়ার নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটির একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় এর প্রধান কাঠামোর মধ্যে রয়েছে সিজিএন কোরিয়া হোল্ডিংস, যা ১৯৯৬ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং দেশটিতে জ্বালানি প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নি ইয়ানলিয়াং।
সিজিএন কোরিয়ার অধীনে থাকা সিজিএন দেসান পাওয়ার প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের ৮ এপ্রিল এবং সিজিএন ইয়ুলচন পাওয়ার প্রতিষ্ঠিত হয় একই বছরের ২৮ জুলাই। ২০২২ সালের হিসাবে তিনটি প্রতিষ্ঠানই শতভাগ সিজিএনের মালিকানাধীন। ফলে এগুলোকে কেবল বেসরকারি কোম্পানি হিসেবে দেখার সুযোগ নেই; এগুলো চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশ।
হংকংভিত্তিক সিজিএন এনার্জি ইন্টারন্যাশনাল হোল্ডিংস ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। চীনের বাইরে পারমাণবিক বিদ্যুৎবহির্ভূত জ্বালানি প্রকল্পে বিনিয়োগ, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রম। দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেও এই প্রতিষ্ঠান ও এর সহযোগী সংস্থা যুক্ত ছিল।
সিজিএনকে ২০১৯ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়। এর আগে ২০১৬ সালে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) মার্কিন নাগরিক শুহসিয়ুং হো, যিনি অ্যালেন হো নামেও পরিচিত, সিজিএন এবং এনার্জি টেকনোলজি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাইরে অবৈধভাবে বিশেষ পারমাণবিক উপাদান উৎপাদন ও উন্নয়নের ষড়যন্ত্রের অভিযোগ আনে।
এফবিআইয়ের অভিযোগ অনুযায়ী, সিজিএন প্রায় দুই দশক ধরে মার্কিন পারমাণবিক প্রযুক্তি ও গোপন তথ্য সংগ্রহে জড়িত ছিল। যৌথ উদ্যোগ, অংশীদারত্ব এবং বৈধ আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন পারমাণবিক প্রযুক্তি নেটওয়ার্কে প্রবেশ করে উন্নত পারমাণবিক চুল্লির নকশাসহ দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।
২০১৯ সাল থেকে সিজিএন যুক্তরাষ্ট্রের এনটিটি লিস্টে রয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের চীনা সামরিক কোম্পানি হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানের তালিকাতেও এর নাম রয়েছে।
ফলে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও শিল্প অবকাঠামোতে সিজিএনের উপস্থিতি নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জাতীয় বিদ্যুৎ গ্রিড, গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান এবং মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি বিদ্যুৎ অবকাঠামোর সঙ্গে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।