বাবা লুইস ম্যানুয়েল আভিলেস রোয়ার সঙ্গে জশুয়া আভিলেস। ছবি: দ্য গার্ডিয়ান
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে কর্মরত এক মার্কিন নাবিকের বাবাকে গ্রেপ্তার করেছে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ আইসিই।
ফ্লোরিডার কি ওয়েস্ট এলাকা থেকে রবিবার নিকারাগুয়ার নাগরিক লুইস ম্যানুয়েল আভিলেস রোয়াকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফ্লোরিডার কি ওয়েস্টে গাড়ি থামিয়ে তল্লাশির সময় বর্ডার প্যাট্রল তাকে আটক করে।
লুইস ম্যানুয়েল আভিলেস রোয়াকে গ্রেপ্তার করার পর তার ছেলে জশুয়া আভিলেস এক ফেসবুক পোস্টে বলেন, “আমি নয় মাসের বেশি সময় ধরে মোতায়েন রয়েছি। মধ্যপ্রাচ্যে সমুদ্রে থেকে এমন একটি দেশের জন্য দায়িত্ব পালন করছি, যে দেশ আমাকে সবকিছু দিয়েছে। কিন্তু হঠাৎ ফোন করে জানতে পারলাম, আমার বাবাকে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) আটক করেছে”।
জশুয়া জানান, তার বাবার বৈধ ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড ও কাজের অনুমতিপত্র ছিল। গ্রিন কার্ড পাওয়ার জন্য তারা অভিবাসন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং এখন শুধু অনুমোদনের অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, “এটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমি জানি না, ১২ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করে কীভাবে দায়িত্ব পালন চালিয়ে যাব, যখন জানি আমার বাবা কোথাও আটক রয়েছেন এবং সম্ভবত একজন অপরাধীর মতো আচরণের শিকার হচ্ছেন”।
তবে ডিএইচএসের দাবি, লুইস ম্যানুয়েল আভিলেস রোয়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাকে অপসারণসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইসিই হেফাজতে রাখা হবে।
যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসীদের জন্য বহুল আলোচিত সুবিধাগুলোর একটি হলো ‘মিলিটারি প্যারোল-ইন-প্লেস’। এর আওতায় সক্রিয় দায়িত্বে থাকা সামরিক সদস্য ও সাবেক সেনাসদস্যদের জন্য কিছু ক্ষেত্রে স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মা যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই বৈধ অভিবাসন মর্যাদা পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
ডিএইচএস এক বিবৃতিতে বলেছে, “সামরিক বাহিনীতে পরিবারের কোনো সদস্য থাকা দেশের আইন লঙ্ঘনের অনুমতি বা ছাড়পত্র নয়”।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অভিযানে মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে বর্ণের ভিত্তিতে হয়রানি বা টার্গেট করার আশঙ্কা বেড়েছে বলেও তারা দাবি করছে।
এদিকে ইউএসএস আব্রাহাম লিংকন শনিবার মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে। এর আগে রণতরীটি টানা ২০০ দিনের বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করার রেকর্ড গড়ে। আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।