প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম
ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। তবে একে পুতিনের নতুন চক্রান্ত উল্লেখ করে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান বিশপ কিরিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন।
তবে ইউক্রেন বলছে, দনবাস অঞ্চলে ইউক্রেন সেনাদের অগ্রগতি থামিয়ে দিতে এবং মস্কো থেকে আরও সেনা আনতে এ সাময়িক যুদ্ধবিরতির চক্রান্ত করেছে রাশিয়া।
পুতিনকে উদ্ধৃত করে ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘পেট্রিয়ার্ক কিরিলের আবেদনকে আমলে নিয়ে আমি রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিচ্ছি যেন ইউক্রেনের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়।’
তবে এ যুদ্ধবিরতি রাশিয়ার আক্রমণাত্মক ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি। পাশাপাশি এ সময় ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তা স্পষ্ট করা হয়নি বিবৃতিতে।
তবে কিয়েভ এমন যুদ্ধবিরতিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে রুশদের সম্বোধন করে জেলেনস্কি বলেন, ‘মস্কো বারবার কিয়েভের শান্তি পরিকল্পনাকে উপেক্ষা করেছে। তারা এখন ক্রিসমাসকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। মূলত দনবাসে আমাদের সেনাদের অগ্রগতি থামাতে এবং তাদের যুদ্ধ সরঞ্জাম, গোলাবারুদ ও সেনাদের আমাদের কাছাকাছি অবস্থানে আনতে এ যুদ্ধবিরতির আহ্বান জানান হয়েছে। পুরো বিশ্ব জানে রাশিয়া যুদ্ধে সাময়িক বিরতি দিয়ে ফের নতুন শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যায়।’
তিনি আরও বলেন, রাশিয়ার সেনারা যখন ইউক্রেন ত্যাগ করবে বা তাদের উৎখাত করা হলে তবেই এ যুদ্ধ শেষ হবে।
রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকে। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশেই অর্থোডক্স খ্রিস্টানরা বসবাস করেন। তবে এবার ইউক্রেনের প্রধান অর্থোডক্স চার্চ নিজেদের স্বাধীন ও রুশ বিশপের কোনো আনুগত্য নেই বলে জানিয়ে দেয়। যে কারণে এবার অনেক ইউক্রেনীয় পশ্চিমাদের সঙ্গে মিল রেখে ২৫ ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে।