× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১১:১০ এএম

কোনাক্রির দার-এস-সালামের আবর্জনা ফেলার স্থানে ভূমিধসের পর বাসিন্দা ও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ছবি: এএফপি

কোনাক্রির দার-এস-সালামের আবর্জনা ফেলার স্থানে ভূমিধসের পর বাসিন্দা ও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ছবি: এএফপি

গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় ময়লার ভাগাড়ের একটি বিশাল অংশ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বেসিয়া জেলার দার-এস-সালাম এলাকায় রবিবার মধ্যরাতে ভারি বৃষ্টির কারণে ময়লার ভাগাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাশের বেশ কয়েকটি ঝুপড়িঘর মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে এবং আহতদের উদ্ধার ও মরদেহ উদ্ধারে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এক্সকাভেটর দিয়ে ধসে পড়া ময়লার স্তূপে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে উদ্ধারকাজ দেখছিলেন।

সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের স্যানিটেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বালদে মামাদু বেইলো জানান, রবিবারই ওই ময়লার ভাগাড়টি বন্ধ করে দেওয়ার কথা ছিল।

ঘটনাস্থল দার-এস-সালাম এলাকার প্রধান লানসিনে সিল্লা এর আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি এএফপিকে বলেন, “আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, যেগুলো মর্গে পাঠানো হয়েছে।”

গিনির অন্যতম প্রধান বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সেলু দালেইন দিয়ালো, যিনি বর্তমানে দেশের বাইরে নির্বাসনে রয়েছেন, এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

ময়লার ভাগাড়টি রবিবার বন্ধ করার কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি আরও উদ্বেগজনক। দুর্ঘটনার কারণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ময়লার ভাগাড়টি ধসে পড়ার আশঙ্কায় এর আশপাশে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়া এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশও সম্প্রতি দিয়েছিল সরকার।

গিনির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল মামাদি দুমবুইয়া। ২০২১ সালের এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা