ডয়চে ভেলে
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৬:০৮ পিএম
প্রতিবেশী দেশ কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছবি: এআই দিয়ে তৈরি
একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিবেশী দেশ কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, ‘গত সপ্তাহের শুরুতে যেসব শর্তে কানাডা সম্মত হয়েছিল, সে সব শর্তে আজ (শুক্রবার) রাতে তারা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে।’
এর পরই দেশটির পণ্যের ওপর ‘ট্রাম্প ট্যারিফ’ বা ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা শনিবার প্রথম প্রহরে কার্যকর হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে শেষ মুহূর্তের পরিবর্তন ছিল অন্যায্য, অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন সাপেক্ষ।’
তিনি আরও বলেন, কানাডা অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে ‘ডলার ফর ডলার’ বা ‘সমপরিমাণ পাল্টা শুল্ক’ আরোপ করবে।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার আগে একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও অটোয়া আলোচনা চালিয়ে আসছিল। ওই সময়ই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৩০ দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
রয়টার্স জানিয়েছে, কানাডায় নির্মিত যানবাহনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা এবং কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক অর্ধেক কমিয়ে ২৫ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছিল।
কিন্তু বর্তমানে কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রমুখী। ফলে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক বাণিজ্যিক পদক্ষেপ কানাডাকে ঝুঁকিতে ফেলতে পারে বলা শঙ্কা করা হচ্ছে।
অবশ্য ওয়াশিংটন ও অটোয়া কোনো চুক্তিতে পৌঁছালেও, তা কানাডার জনগণ ও দেশটির ১০টি প্রদেশের কাছে গ্রহণযোগ্য করে তোলা প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য বেশ কঠিন হতো বলে ধারণা করা হচ্ছিল। কারণ ১৯ আগস্ট প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ কানাডীয় চান সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুক এবং আর কোনো ধরনের ছাড় দিতেও নারাজ তারা।