× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুচিস্তানে আবাসন তহবিল সরানোয় বিশ্বব্যাংকের অসন্তোষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ০০:২৬ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ০১:২৭ এএম

বালুচিস্তানে আবাসন তহবিল সরানোয় বিশ্বব্যাংকের অসন্তোষ

পাকিস্তানের বালুচিস্তানে বন্যাকবলিত মানুষের জন্য নেওয়া বহু বিলিয়ন রুপির স্থিতিস্থাপক আবাসন কর্মসূচির অর্থ অবকাঠামো প্রকল্পে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে গভীর অসন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ব্যাংক সতর্ক করেছে, আবাসন সহায়তা থেকে যোগ্য পরিবারগুলোকে বাদ দিলে প্রদেশটিতে দারিদ্র্য আরও গভীর হতে পারে এবং দুর্যোগঝুঁকি ও সামাজিক উত্তেজনা বাড়তে পারে।

ফেডারেল ও বালুচিস্তান সরকারকে পাঠানো বিস্তারিত এক চিঠিতে বিশ্বব্যাংক বলেছে, যোগ্য পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বিষয়টি শুধু আবাসন সহায়তা না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিদ্যমান নানা দুর্বলতা পরস্পরকে আরও শক্তিশালী করে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির যোগ্য সুবিধাভোগীদের ৮৪ শতাংশই অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৮ শতাংশের মাসিক আয় ৩০ ডলারের কম এবং আরও ২৬ শতাংশের আয় ৩১ থেকে ৭০ ডলারের মধ্যে। যোগ্য পরিবারের ৩৯ শতাংশ ভাড়াটিয়া, ৩৭ শতাংশ দিনমজুর এবং ৮ শতাংশ ক্ষুদ্র কৃষক। এসব পরিবারের সঞ্চয় সীমিত, আনুষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ কম এবং উৎপাদনশীল সম্পদও অপ্রতুল। ফলে যেকোনো নতুন ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা তাদের খুবই কম।

গত ২২ জুন ২০২৬ পর্যন্ত আবাসন সহায়তার প্রথম কিস্তি ৬২ হাজার ৯৬৬ জন সুবিধাভোগীর মধ্যে সীমিত করা এবং ভর্তুকি সহায়তা ৯৭ হাজার পরিবারে নির্ধারণের পর বিশ্বব্যাংকের দেশীয় পরিচালক বলোরোমা আমগাবাজার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফেডারেল পরিকল্পনামন্ত্রী, বালুচিস্তানের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর তিনি অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ফেডারেল সচিব এবং বালুচিস্তানের সচিবকে চিঠি দেন।

চিঠিতে বলা হয়, আবাসন সহায়তা সীমিত ও অর্থ অন্য খাতে সরিয়ে দেওয়ার ফলে যাচাই শেষে যোগ্য হিসেবে চিহ্নিত ১ লাখ ১৯ হাজার ৪৯টি পরিবার কোনো নির্দিষ্ট অর্থায়ন সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্বব্যাংক আরও বলেছে, ব্যাংকের সঙ্গে যৌথভাবে যোগাযোগ কৌশল চূড়ান্ত করার আগেই সিদ্ধান্তটি প্রকাশ্যে আসায় ঝুঁকি তৈরি হয়েছে। কারণ যাচাই সম্পন্ন করে প্রকল্পের শর্তে স্বাক্ষর করা পরিবারগুলো এখনো আবাসন সহায়তার প্রত্যাশায় থাকতে পারে।

কর্মসূচির অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় নির্ধারিত কাট-অফ তারিখের মধ্যে ৬৬ হাজার ১২০টি বঞ্চনা-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বিশ্বব্যাংক প্রতিটি অভিযোগকারীকে পৃথকভাবে যোগাযোগ করে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে।

ব্যাংক বলেছে, সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে লিখিত স্বীকৃতি অথবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বার্তা পৌঁছানোর প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং তা পর্যালোচনার জন্য বিশ্বব্যাংকের কাছে দিতে হবে। প্রকল্পের এই অংশ শেষ করার আগে একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের মতে, আবাসন সহায়তা থেকে বাদ পড়া পরিবারগুলোকে একই সঙ্গে খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনের অর্থ কমিয়ে অস্থায়ী আশ্রয় মেরামতে ব্যয় করতে হতে পারে। অনেক পরিবার ঋণ নেওয়া কিংবা উৎপাদনশীল সম্পদ বিক্রি করেও পরিস্থিতি সামাল দিতে বাধ্য হতে পারে।

অন্যদিকে, স্থিতিস্থাপক বাড়ি নির্মাণ করতে না পারায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত বা অনিরাপদ ঘরে বসবাস করতে পারে। এতে ভবিষ্যতের বন্যা, ঝড়, ভূমিকম্প ও তাপপ্রবাহের মতো দুর্যোগে তাদের ঝুঁকি আরও বেড়ে যাবে।

এ ছাড়া যাচাইকৃত ও যোগ্য পরিবারগুলোকে বাদ দেওয়ার ফলে বৈষম্য ও অন্যায্যতার ধারণা তৈরি হয়ে সরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন কর্মসূচির ওপর মানুষের আস্থা আরও কমতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। অতীতের অন্যান্য আবাসন পুনর্গঠন কার্যক্রমেও এ ধরনের ঝুঁকি দেখা গেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা