আনাদোলু
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৬:২৭ পিএম
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবিতে ৫২ জনের মৃত্যু হয়েছে। ছবি: আনাদোলু
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবিতে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বড় একটি অংশ শ্রমিক ও কৃষক। তারা ধানখেতে কাজ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সোকোতো রাজ্যের গোরোনিও এলাকার গৌরাউ শহরের কাছে একটি নৌপথে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (নেমা) সোকোতো শাখার প্রধান তুকুর আবুবকর শুক্রবার সকালে জানান, উদ্ধার অভিযান চালানোর পর একে একে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমরা এখন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি, যাতে নিহতদের পরিবারগুলোকে দ্রুত শনাক্ত করা যায়।”
এর আগে ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (নিওয়া) সোকোতো ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানিয়েছিলেন, উদ্ধার করা মরদেহের মধ্যে অনেক শিশুও রয়েছে। নৌকাটিতে মূলত ধানখেতে কাজ করতে যাওয়া শ্রমিক ও কৃষকেরা ছিলেন।
সোকোতো রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (সেমা) মুখপাত্র আবদুল্লাহি ঘানি জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঠিক কতজন মানুষ ওই নৌকায় ছিলেন এবং কতজন নিখোঁজ আছেন, তার প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ চলছে।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। দুর্ঘটনার সময় অন্তত ৭০ জন ওই নৌকায় ছিলেন বলে তারা জানান।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপথগুলোতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী পরিবহন, জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব এবং নৌ-চলাচলে সরকারি নীতিমালার যথাযথ প্রয়োগ না থাকাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।