প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১০:৪৭ এএম
ইমরান খানকে শুক্রবার ভোরে ইসলামাবাদে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের বাইরের একটি রাস্তা নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখে। ছবি: এএফপি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে সংক্ষিপ্ত সময়ের জন্য চিকিৎসা পরীক্ষা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে।
৭৩ বছর বয়সী ইমরান খানকে শুক্রবার ভোরে কড়া নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও একজন চিকিৎসকসহ বিশেষায়িত মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। চিকিৎসকেরা তাকে ‘সুস্থ’ বলে ঘোষণা করেছেন। পুরো সময় ইমরানের বোন উজমা খান হাসপাতালে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। আদালত তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন। ওই বোর্ডে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও রাখার কথা বলা হয়।
সোমবার আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে একটি প্রতিবেদন জমা দেন। এতে ১০ আগস্ট একটি কার্ডিয়াক বোর্ডের করা স্বাস্থ্য পরীক্ষার তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে ইমরানের রক্তচাপ ওঠানামা এবং উদ্বেগের কথা উল্লেখ করা হয়। পরিবারের সঙ্গে সীমিত যোগাযোগের কারণেই এই উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
সরকার সুপ্রিম কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ইমরান খানকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
ইমরানকে হাসপাতালে নেওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হাসপাতাল ও এর আশপাশের এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।
গত এক বছর ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তার পরিবার ও দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিভিন্ন সময়ে আদালতের দ্বারস্থ হয়েছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফেব্রুয়ারির পর থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার অনুরোধ দুইবার নাকচ করেছে আদালত। এর একটিতে ইসলামাবাদ হাইকোর্ট তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। সে সময় প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়।
সাবেক এই ক্রিকেট তারকা ও তার স্ত্রী বুশরা বিবি পরে আরও কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হন। তবে ইমরান খান ও তার দল পিটিআই সব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা ও বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা