পাকিস্তান হাইকমিশনের বাইরের ব্যারিকেড ও অস্থায়ী স্থাপনার একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আউটলোক ইন্ডিয়া
ভারতের রাজধানী নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের ব্যারিকেড ও অস্থায়ী স্থাপনার একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভারতীয় সরকারি সূত্রের দাবি, হাইকমিশনের সীমানার বাইরে অনুমোদন ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তবে এই ঘটনার নেপথ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনকেই মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির।
উচ্ছেদ অভিযানে ভিসা প্রদান কেন্দ্রের বাইরের ভিড় সামলানোর অস্থায়ী চাল, ধাতব রেলিং এবং কংক্রিটের বেশকিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। তবে হাইকমিশনের মূল প্রবেশপথ, গম্বুজাকার নির্মাণ ও ধাতব ফটকে থাকা পাকিস্তানের জাতীয় প্রতীক অক্ষত রয়েছে।
এই ঘটনার মাত্র তিন দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিংয়ের খুঁটিগুলো সরিয়ে নিয়েছিল পাকিস্তান সরকার। এর পরপরই দিল্লিতে ভারত সরকারের এই পদক্ষেপকে ‘পাল্টা ব্যবস্থা’ বা জবাব হিসেবেই ধারণা করা হচ্ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে কাশ্মির ইস্যু। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর শ্রীনগর সফরে গিয়ে জম্মু ও কাশ্মিরকে ‘ভারতের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে তিনি মার্কিন নাগরিকদের ভ্রমণ নির্দেশিকায় পরিবর্তনেরও ইঙ্গিত দেন।
একে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য আখ্যা দিয়ে বুধবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তাকে তলব করে পাকিস্তান। আর ঠিক তার পরদিনই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সামনে এই উচ্ছেদ অভিযান চালানো হলো।
২০২৫ সালের এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই চিরবৈরী এই দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকেছে। ওই হামলার জেরে ভারত সীমান্তপারে ‘সিঁদুর অভিযান’ চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করার পাশাপাশি সিন্ধু পানিচুক্তিও বাতিল করে।
এ ছাড়া পাকিস্তান হাইকমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হয় এবং সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।