× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ মাস পর বোন ও স্ত্রীর দেখা পেলেন ইমরান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২২:২৪ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২২:২৬ পিএম

৯ মাস পর বোন ও স্ত্রীর দেখা পেলেন ইমরান খান। ছবি: এএফপি/এনডিটিভি

৯ মাস পর বোন ও স্ত্রীর দেখা পেলেন ইমরান খান। ছবি: এএফপি/এনডিটিভি

শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ হয় ইমরানের। খবর ডনের। 

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

খবরে বলা হয়েছে, আদালতের নির্দেশের পর চলতি বছরে প্রথমবারের মতো ইমরান খানের সঙ্গে তার বোন নওরীন নিয়াজির প্রায় ১৫ মিনিটের সাক্ষাৎ হয়। কারাগারের কনফারেন্স রুমে এই সাক্ষাতে তারা ইমরান খানের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। নওরীন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্ট থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়টিও জানান।

তবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবার বা স্বজনদের সঙ্গে এই সাক্ষাৎকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া এই সুবিধা বাতিল করা হবে।

নিরাপত্তা ও আদালতের বিধিনিষেধের কারণে ইমরান খানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং ফুপাতো ভাই কাসিম জামানকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও এই সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, আদিয়ালা কারাগারে আলাদাভাবে কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মধ্যে কনফারেন্স রুমে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কথা হয়। একই দিনে বুশরা বিবিও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাবেক স্বামী খাওয়ার মানেকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে সেই প্রথম সংসারের দুই সন্তান মুসা মানেকা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহেরুন্নিসার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের এই পারিবারিক আলাপচারিতা প্রায় ৪০ মিনিট ধরে চলে। এর আগে শীর্ষ আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রেখে সুচিকিৎসার নির্দেশ দেন।

একটি বেসরকারি হাসপাতালে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে করা আবেদনের ওপর আগামী ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা