× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেনেজুয়েলা থেকে দিনে ৫ লাখ ব্যারেল তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৯:৫৭ পিএম

ভেনেজুয়েলার মারাকাইবো শহরের দক্ষিণে মারাকাইবো হ্রদের পশ্চিম তীরে বাজো গ্রান্দে টার্মিনালে ভোরের আলোয় তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার মারাকাইবো শহরের দক্ষিণে মারাকাইবো হ্রদের পশ্চিম তীরে বাজো গ্রান্দে টার্মিনালে ভোরের আলোয় তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলা থেকে প্রতিদিন ৫ লাখের বেশি ব্যারেল তেল রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে কারাকাসে অন্তর্বর্তী সরকার বসানোর সাত মাস পর এই তেল রপ্তানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

হিউস্টনে এক জ্বালানি শিল্পবিষয়ক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কাইল হাউস্টভেইট বলেন, ভেনেজুয়েলার দিনে তেল উৎপাদন প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল। এর মধ্যে প্রতিদিন ৫ লাখের বেশি ব্যারেল এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছে। তিনি বলেন, এই তেল এমন সব শোধনাগারে যাচ্ছে, যেগুলো ‘বিশেষভাবে এই ধরনের অপরিশোধিত তেল পরিশোধনের জন্য তৈরি।

ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত রয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী, দেশটির প্রমাণিত তেল মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে কয়েক দশকের বিনিয়োগের ঘাটতি ও নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় ১ শতাংশে নেমে এসেছিল। ২০২৫ সালের শেষ দিকে ভেনেজুয়েলা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছিল। এর মধ্যে প্রতিদিন প্রায় ১ লাখ ৩৫ হাজার ব্যারেল যুক্তরাষ্ট্রে যেত।

ভেনেজুয়েলার তেল ভারী ও সালফারসমৃদ্ধ বা ‘হেভি, সোয়্যার’ ধরনের অপরিশোধিত তেল। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে থাকা শোধনাগারগুলো এই ধরনের তেল পরিশোধনের জন্য তৈরি। ফলে ভেনেজুয়েলার তেল আমদানি আবার শুরু হওয়া এসব শোধনাগারের জন্য সরাসরি লাভজনক হয়েছে।

হাউস্টভেইট বলেন, ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়াতেও যুক্তরাষ্ট্র সহায়তা করছে। যুক্তরাষ্ট্র এখন প্রতিদিন ১ লাখের বেশি ব্যারেল ন্যাফথা ভেনেজুয়েলায় পাঠাচ্ছে। সেখানে এই ন্যাফথা ভারী অপরিশোধিত তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ—এর ভাইস প্রেসিডেন্ট জোভানি মার্টিনেজ বলেন, আগস্টের শেষ নাগাদ দেশটির অপরিশোধিত তেল উৎপাদন প্রতিদিন ১২ লাখ ৪৫ হাজার ব্যারেলে পৌঁছাবে। চলতি বছরে তেল রপ্তানি ১৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ বছর জ্বালানি উৎপাদন ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে এবং দেশের অভ্যন্তরে জ্বালানি সরবরাহ ৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা