আনাদোলু
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম
জাপানের চিবা প্রদেশে গত সপ্তাহের রেকর্ড ভারি বর্ষণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: আনাদোলু
জাপানের চিবা প্রদেশে গত সপ্তাহের রেকর্ড ভারি বর্ষণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চিবায় মোট ৬৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ১০৫টি ঘরবাড়ির মেঝের ওপর পর্যন্ত পানি উঠে গেছে এবং ১ হাজার ২০৯টি ঘরবাড়ি আংশিক প্লাবিত হয়েছে।
পৌরসভাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত অন্তত ৬৩ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
এদিকে, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার পর সড়কগুলোতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় ২ হাজার ৫০০টি যানবাহন সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।