ইউক্রেনকে ড্রোন সরবরাহ
বিবিসি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১০:১৪ এএম
ব্রিটেনে নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ছবি: ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স
ব্রিটেনে নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। যুক্তরাজ্য ‘সচেতনভাবে ইউক্রেন সংকট আরও তীব্র করার পথ বেছে নিয়েছে’ বলে অভিযোগ করেছে রাশিয়া।
যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘এর মাধ্যমে যুক্তরাজ্য রক্তক্ষয়ী অপরাধ ও সন্ত্রাসী হামলার অংশীদার ও সহযোগী হিসেবে কাজ করছে। লন্ডনের এই পদক্ষেপের অনিবার্য পরিণতি ভোগ করতে হবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে।’
এই সংঘাতে লন্ডন যত বেশি জড়িয়ে পড়বে, ‘তাদের তত বেশি চড়া মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করা হয়।
এর জবাবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি নিউজকে জানান, ব্রিটেন ইউক্রেনের পাশে ‘দৃঢ়ভাবে’ রয়েছে।
ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেন, যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের বিরুদ্ধে রুশ আগ্রাসন মোকাবিলায় এই সরকারের দৃঢ় সংকল্প সম্পর্কে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
তিনি আরও বলেন, যুক্তরাজ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার্থে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দিতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
দুটি পৃথক ব্রিটিশ কোম্পানির তৈরি এই ড্রোনগুলো রাশিয়ার ভেতরে বিভিন্ন শোধনাগার ও অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামসহ বিভিন্ন সামরিক ও শিল্প স্থাপনায় সফলভাবে লক্ষ্যবস্তু করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত এই কোম্পানিটিকে ইউক্রেন বারবার লক্ষ্যবস্তু করেছে এবং জানিয়েছে, ওয়াইল্ডবেরিজের শীর্ষ ১০টি লজিস্টিক সেন্টারের মধ্যে সাতটিই ‘অকার্যকর’ করা হয়েছে।
এ ছাড়া এক সামরিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, এই হামলায় যুক্তরাজ্যের ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় সাড়ে ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে এবং বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় এক পঞ্চমাংশ তাদের নিয়ন্ত্রণে রেখেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোসহ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ উপাদান ও কনফিগারেশনযুক্ত ড্রোন ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার ওপর ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে মস্কো যুক্তরাজ্যকে এই সতর্কবার্তা দিল। সর্বশেষ সোমবারের এক হামলায় এক শিশুসহ ৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক গভর্নরের মতে, গত শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ৬০০টির লক্ষ্য ছিল মস্কো। তিনি জানান যে, রুশ রাজধানী ‘নিকট অতীতের সবথেকে বড় ড্রোন হামলার’ শিকার হয়েছে। রাশিয়াজুড়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই রাতে ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত ও ৩৯ জনের বেশি আহত হয়েছে।
এর আগে এপ্রিলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্ববৃহৎ প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্ট্রাইক ডিভাইসসহ ১০ হাজারেরও বেশি ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছিল।
ব্রিটিশনির্মিত ড্রোন এই প্রথম রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হচ্ছে। এর আগে সংঘাতে ব্রিটিশ নির্মিত ‘স্টর্ম শ্যাডও’ মিসাইল ব্যবহৃত হলেও, বর্তমান এই নতুন পর্যায়টি অনেক বেশি কার্যকর প্রভাব ফেলছে।
গত রোববার মস্কোর মেয়র জানিয়েছিলেন, শহরটির দিকে রাতে প্রায় ছয়টি ইউক্রেনীয় ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে, যার প্রায় এক তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে এবং তিনজন আহত হয়েছে।
কিয়েভ সে সময় জানিয়েছিল, তারা রুশদের সামরিক সরঞ্জাম কেনার লজিস্টিক হাবগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং রুশ সেনাবাহিনীর সরবরাহ ব্যাহত করছে।