× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমাবে’ যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ০৯:১২ এএম

ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও কিম জং উন। ছবি: এপি

ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও কিম জং উন। ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রবিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সোমবার থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে এসব মহড়া উত্তর কোরিয়ার প্রতি ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও শত্রুতাপূর্ণ বার্তা’ পাঠায়।

তার দাবি, তিনি হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর কোরিয়া ‘হুমকিহীন ও সম্মানজনক’ আচরণ করে আসছে।

ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র অনেক আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক থাকায় আমি বিষয়টিতে সন্তুষ্ট নই।

দক্ষিণ কোরিয়ার ইরান ইস্যুতে অবস্থানের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন, তারা ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার উদ্যোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে চান কি না। জবাবে দক্ষিণ কোরিয়া ‘না, ধন্যবাদ’ বলেছে।

ট্রাম্প জানান, মহড়া বাতিলের সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। তাই তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মহড়ার পরিধি ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন।

তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সামরিক মহড়া চলবে।

বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১১ দিন চলার কথা রয়েছে। এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিয়মিত এ মহড়ার আয়োজন করে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণের কারণে দেশটির সামরিক বাহিনী আরও যুদ্ধ-অভিজ্ঞ হয়ে উঠেছে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে পিয়ংইয়ং বরাবরই এসব মহড়ার বিরোধিতা করে আসছে। উত্তর কোরিয়ার দাবি, এগুলো তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি বা আগ্রাসনের মহড়া।

গত সপ্তাহে উত্তর কোরিয়া নতুন মহড়াকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে নিন্দা জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে একটি পারমাণবিক জোটে রূপ নিচ্ছে। এর জবাবে পিয়ংইয়ং আরও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।

এর একদিন পর ট্রাম্প কিমের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে লেখেন, ছবিতে কিমের চেহারা কিছুটা বন্ধুত্বহীন দেখালেও তাদের মধ্যে ‘দারুণ সম্পর্ক’ রয়েছে।

প্রথম মেয়াদে ট্রাম্প কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পরও ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় তিনি এসব মহড়াকে ‘ব্যয়বহুল’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা