প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২০:০৪ পিএম
৮ মিনিটেই চীন-রাশিয়া সীমান্ত পার। ছবি: টাইমস নাউ
মাত্র ৬ থেকে ৮ মিনিটেই চীন থেকে রাশিয়ায় যাতায়াত, শুনতে অবাক লাগলেও বাস্তবে তা সম্ভব হতে যাচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী হেইহে ও ব্লাগোভেশচেনস্ক শহরের মধ্যে নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তঃসীমান্ত যাত্রীবাহী ‘রোপওয়ে’র মূল কাঠামোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হেইহে শহর এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহর ‘আমুর বা হেইলংজিয়াং’ নদীর দুই তীরে অবস্থিত। দুই শহরের সবচেয়ে কাছের দূরত্ব প্রায় ৭৫০ মিটার। নদীর ওপর নির্মিত এই রোপওয়ের পথ হবে প্রায় ৯৭০ মিটার।
২০১৯ সালের জুলাইয়ে নির্মাণকাজ শুরু হলেও এখন এর মূল কাঠামো সম্পন্ন হয়েছে। চীনের দিককার নির্মাণকাজের দায়িত্বে থাকা হেইহে-ভিত্তিক প্রতিষ্ঠান ‘জিনলংগাং কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোং’-এর চেয়ারম্যান কাও শিনহং জানান, প্রকল্পটি চালু হলে দুই শহরের মধ্যে নদী পারাপারে সময় লাগবে মাত্র ৬ থেকে ৮ মিনিট। এটি একটি বিশাল অগ্রগতি, কারণ বর্তমানে ফেরি বা সড়ক-যেকোনো মাধ্যমেই এই পথ পাড়ি দিতে অনেক বেশি সময় লাগে। রোপওয়েতে থাকবে দুটি বড় কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে সর্বোচ্চ ১১০ জন যাত্রী বহন করা যাবে। এর সর্বোচ্চ গতি হবে প্রতি সেকেন্ডে ১২ মিটার। বছরে একদিকে সর্বোচ্চ ২৬ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে এই ব্যবস্থার।
রোপওয়ে চালু হলে হেইহে ও ব্লাগোভেশচেনস্কের মধ্যে সড়ক, নৌ ও আকাশÑ এই তিন ধরনের পথে সরাসরি যোগাযোগব্যবস্থা তৈরি হবে। কর্মকর্তারা আশা করছেন, দ্রুত ও সহজ সীমান্ত পারাপারের ফলে দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে। প্রকল্পটি চালু হলে আন্তর্জাতিক সীমান্তের ওপর নির্মিত রোপওয়ে হিসেবে এটি একটি অনন্য দৃষ্টান্ত তৈরির পাশাপাশি চীন-রাশিয়ার সীমান্ত যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।