প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৯:৩৫ পিএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। ছবি: আনাদোলু
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে হওয়া ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
প্রবল শক্তিশালী এই ভূমিকম্পের পর প্রদেশটির একটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেখান থেকে প্রায় ৫ হাজার বাসিন্দা সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দুর্হত এলাকার হাজারো মানুষ জরুরি সহায়তার অপেক্ষায়। খবর এএফপির।
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী বেনজামিন পাউলাস অকটাভিয়ানুস রবিবার জানিয়েছেন, শনিবার ভোরের এই ভূমিকম্পে ৩৬ জন গুরুতর আর ৭৭ জন সামান্য আহত হয়েছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়ে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে।
এনপিবির মুখপাত্র জানান, দুর্গতদের জরুরি তাঁবু, খাবার, ওষুধ, কম্বল, খাট, মাদুর, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর প্রয়োজন।
২০২২ সালে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক ভূমিকম্পে কয়েকশ জনের মৃত্যুর পর থেকে এ ভূমিকম্প সবচেয়ে প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। মূল ভূমিকম্পটির পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৪১টি পরাঘাত অনুভূত হয়েছে।
বিএনপিবির তথ্য অনুযায়ী, অন্তত ৯১৪টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও শত শত বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। জরুরি ত্রাণ পৌঁছানোর একটি সড়ক এখনও ব্যবহারযোগ্য হয়নি। ফ্লোরেসের উত্তর উপকূলের নাঙ্গাহালে গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী উমরি রবিবার সকালে এএফপিকে বলেন, “আমাদের খাবার, পানি, ওষুধ এবং শিশুদের জন্য ডায়াপার দরকার।”
একই পাহাড়ে রাত কাটানো ৫৫ বছর বয়সী নুরহিদায়াতি বলেন, “আমি এখনও খুব আতঙ্কিত। ভূমিকম্পের কথা মনে পড়লে বুক ধড়ফড় করছে। আমি এখনও খুব ভয় পাচ্ছি। ১৯৯২ সালের ভূমিকম্পের স্মৃতি এখনও আমাকে তাড়া করে। তাই বাড়িতে ফিরতে সাহস করছি না।”
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ার লোকসংখ্যা ২৯ কোটি। বিশাল এলাকা নিয়ে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা (প্যাসিফিক রিং অব ফায়ার) নামের ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি চ্যুতির ওপর অবস্থিত।
অঞ্চলটি তিনটি বড় ভূতাত্ত্বিক প্লেটের মিলনস্থল হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে। ১৯৯২ সালেও ফ্লোরেসে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ প্রাণ হারায়।