ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: বিবিসি
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয় বলে জানিয়েছে আন্তার্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি (ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজম্যান্ট) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার। অগভীর হওয়ায় এর কম্পন ভূপৃষ্ঠে তুলনামূলক বেশি তীব্র ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশটির মাউমেরে বন্দরের একটি টার্মিনাল ভবনের বড় অংশ ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা কয়েকজন মানুষ পানিতে পড়ে যান।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে ঘুমের মধ্যেই মারা যান। উদ্ধারকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
এদিকে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলে উপকূলীয় এলাকার বাসিন্দারা আতঙ্কে উঁচু এলাকায় চলে যান। প্রায় ২ হাজার মানুষ নিজ উদ্যোগে নিরাপদ স্থানে সরে গেছেন বলে জানিয়েছে বিএনপিবি।
তবে উল্লেখযোগ্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি না পাওয়ায় প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
ভূমিকম্পের পর ৬.১ মাত্রার একটি আফটারশকসহ আরও বেশ কয়েকটি কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বিএনপিবি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। দুর্গম এলাকা, ভূমিধস ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বাধা তৈরি হয়েছে।