প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২১:৪৬ পিএম
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্য যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এই মন্তব্য করেন। খবর এনডিটিভির।
সাক্ষাৎকারে ওয়াশিংটন পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জেনারেল নাকদি বলেন, “আমেরিকা যদি পরমাণবিক বোমা ব্যবহার করে, তবে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে তাদের প্রতিটি সামরিক ঘাঁটি দখল হয়ে যাবে।
“আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নয়; মানুষ এখন সচেতন। এমন অপরাধ বিশ্ববাসী বরদাশত করবে না।”
ইরানের নিজস্ব পারমাণবিক বোমার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর সমর্থনই তাদের আসল শক্তি।
সাক্ষাৎকারে চলমান যুদ্ধ সম্পর্কে নাকদি জানান, ২০২৯ সালের ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত তেহরান।
গত পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়েছে দাবি করে নাকদি বলেন, “যেকোনো মূল্যে প্রতিরোধ বজায় রাখতে হবে। তেহরানে হামলা চালানোর একটি বড় মূল্য দিতে হয়, ভবিষ্যতে যেন কেউ আক্রমণের সাহস না পায়—সেটি নিশ্চিত করতেই যুদ্ধ দীর্ঘায়িত করার এই কৌশল।”
সামরিক সক্ষমতা প্রসঙ্গে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, ইরান প্রতিদিন যতগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণ করে, তার চেয়ে বেশি তৈরি করে। আর যদি কখনও ক্ষেপণাস্ত্র শেষও হয়ে যায়—সেদিন তেহরান আমেরিকার জন্য আরও বেশি বিপজ্জনক রূপ ধারণ করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।