× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরল সূর্যগ্রহণে মুগ্ধ যুক্তরাজ্য ও ইউরোপের কোটি মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

স্পেনের আরকোস দে লা সালিনাসের আকাশে পূর্ণ সূর্যগ্রহণের ঠিক আগে যখন দর্শকরা অন্ধকারে ডুবে যান। ছবি: বিবিসি/রয়টার্স

স্পেনের আরকোস দে লা সালিনাসের আকাশে পূর্ণ সূর্যগ্রহণের ঠিক আগে যখন দর্শকরা অন্ধকারে ডুবে যান। ছবি: বিবিসি/রয়টার্স

প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণ দেখেছে যুক্তরাজ্য ও ইউরোপ। ধারণা করা হচ্ছে, এক প্রজন্মে একবার দেখা যায়—এমন মহাজাগতিক ঘটনা। 

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অংশে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। সেখানে দিনের বেলায় নেমে আসে সম্পূর্ণ অন্ধকার এবং সৃষ্টি হয় অসাধারণ এক দৃশ্য। পূর্ণ সূর্যগ্রহণ স্থায়ী হয়েছিল দুই মিনিটেরও কম সময়। তবে যুক্তরাজ্য থেকে যারা এই মহাজাগতিক দৃশ্য দেখেছেন, তারা আংশিক সূর্যগ্রহণ উপভোগ করেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকায় চাঁদ সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ ঢেকে ফেলে। সূর্য, চাঁদ ও পৃথিবী পুরোপুরি সরলরেখায় অবস্থান করলে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। এটি ছিল ১৯৯৯ সালের পর দেশটির সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণ। গত বুধবারের গ্রহণের চেয়ে আরও বেশি অংশজুড়ে সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যবাসীকে কয়েক দশক অপেক্ষা করতে হবে। ২০৮১ সালে সেখানে সূর্যের সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে পারে। আর যুক্তরাজ্য থেকে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে।

যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যবেক্ষণস্থলে লাখো মানুষ জড়ো হন। গ্রহণের দৃশ্য দেখে অনেকেই বিস্ময়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে বিশেষ চশমা সংগ্রহ করতে না পেরে ছাঁকনি, সিরিয়ালের বাক্স, আবার কেউ কাগজের টুকরো ব্যবহার করে সূর্যগ্রহণ উপভোগ করেছেন। চিলির বিজ্ঞানী ইয়াসমিন ক্যাট্রিচেও এই মহাজাগতিক দৃশ্য দেখতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উত্তর-পশ্চিম স্পেনের আ কোরুনিয়ায় যান। তিনি বলেন, পূর্ণগ্রহণের সময় সবাই উল্লাস করছিলেন—সেই অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। মহাবিশ্ব সত্যিই বিস্ময়কর।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর কোথাও না কোথাও প্রায় প্রতি ১৮ মাস পরপর একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। কিন্তু নির্দিষ্ট কোনো স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা অত্যন্ত বিরল। একই স্থানে এমন ঘটনা প্রায় ৪০০ বছরে একবার ঘটে। স্পেনে পূর্ণগ্রহণের সেই বিরল দৃশ্য উপভোগ করেন লাখো মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা