আনাদোলু
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৭:৫৬ পিএম
বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে ভ্লাদিমির পুতিন, জাপানের তীব্র প্রতিবাদ। প্রতীকী ছবি/এআই
রাশিয়ার সুদূর প্রাচ্যের সাখালিন অঞ্চল সফরের অংশ হিসেবে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ‘ইতুরুপ’ দ্বীপ পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মালিকানা নিয়ে বিরোধ থাকা এই দ্বীপে পুতিনের সফরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। একই সঙ্গে টোকিওতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।
ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, বৃহস্পতিবার সফরকালে পুতিন দ্বীপটির একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং একটি স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়া তিনি একটি স্থানীয় স্কুল পরিদর্শন করেন এবং সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কোর সঙ্গে বৈঠক করেন।
রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, কুরিল দ্বীপপুঞ্জে প্রেসিডেন্ট পুতিনের এটিই প্রথম সশরীরে সফর। মূলত আগ্নেয়গিরি সমৃদ্ধ এই দ্বীপপুঞ্জটি রাশিয়া পরিচালনা করলেও এর দক্ষিণ অংশের চারটি দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ রয়েছে। জাপান এই অঞ্চলটিকে তাদের ‘নর্দান টেরিটরি’ বা উত্তরাঞ্চলীয় ভূখণ্ড হিসেবে দাবি করে।
এই ভূখণ্ডগত বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশ দুটির মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর জাপানের নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বেড়েছে।
পুতিনের এই সফরের প্রতিবাদে বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূত নিকোলাই স্টানিস্লাভোভিচ নজদ্রেভকে তলব করে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই সফরের বিষয়ে তার দেশের কড়া প্রতিবাদের কথা মস্কোকে দ্রুত জানানোর জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দেন। এক বিবৃতিতে মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
জাপানের দাবি, ১৯৪৫ সালের ১৫ আগস্ট বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের পরপরই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইতুরুপ, কুনাশিরি, শিকোতান এবং হাবোমাই দ্বীপগুচ্ছ ‘অবৈধভাবে’ দখল করে নেয়। অন্যদিকে রাশিয়া, যারা এই অঞ্চলকে ‘দক্ষিণ কুরিল’ নামে অভিহিত করে, তাদের দাবি এই দখলদারিত্ব সম্পূর্ণ বৈধ।
সফরের একদিন আগে সাখালিন দ্বীপে রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের যুদ্ধজাহাজ ‘ভারিয়াগ’ পরিদর্শনকালে পুতিন বলেন, জাপান এই দ্বীপগুলোর ওপর তাদের আঞ্চলিক দাবি অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শাসনামলে এই ইস্যুতে দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক ছিল।
পুতিন আক্ষেপ করে বলেন, “দুর্ভাগ্যবশত এখন আমরা জাপানের অবস্থানের পরিবর্তন দেখছি। আমি জোর দিয়ে বলছি, আমাদের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই তারা এই পরিবর্তন এনেছে।”
সাখালিন দ্বীপে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট যখন সামরিক মহড়া পরিচালনা করছিল, তার ঠিক একদিন পরই পুতিন এই বিতর্কিত এলাকা সফর করলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের ফলে টোকিও এবং মস্কোর মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হবে।