প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৭:১০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২০:২০ পিএম
পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে গুলিতে এক ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আখতার (৫০) যুক্তরাজ্যের পিটারবরো শহরের বাসিন্দা ছিলেন। গত ৯ জুন নিরাপত্তা বাহিনীর ছোড়া একটি গুলি তাঁর বুকে লাগে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আখতারের চাচাতো ভাই মোহাম্মদ সাদ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানান, আখতার বিক্ষোভে অংশ নেননি। তবে তাঁর বাড়ির কাছেই বিক্ষোভ চলছিল। ওই দিন নিরাপত্তা বাহিনী গুলি চালালে একটি ‘বিচ্ছিন্ন গুলি’ আখতারের বুকে লাগে বলে পরিবারের দাবি।
পরিবারটি জানিয়েছে, কাশ্মীরে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেনি। এমনকি অভিযোগ করলে তাদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে তারা আশঙ্কা করেছিল।
এদিকে পাকিস্তান-শাসিত কাশ্মীরে আরেক ব্রিটিশ নাগরিক দুই মাসেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। নটিংহামের ৩৮ বছর বয়সী ওয়াকাস আরিফকে গত ৫ জুন মিরপুর কারাগারে নেওয়া হয়। তাঁর পরিবারের দাবি, বিক্ষোভে তাঁর দুই ভাইয়ের সম্পৃক্ততার কারণে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ওয়াকাসকে আটক করা হয়। তবে তিনি নিজে কোনো বিক্ষোভে অংশ নেননি।
ওয়াকাসের বোন সুমেরা আরিফের দাবি, তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি এবং তাঁকে আদালতে হাজির করা হয়নি। ওয়াকাসের স্ত্রী ভারিশা কাম্পুলভি এক ভিডিও বার্তায় স্বামীকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি অঞ্চলজুড়ে যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর জানিয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরের কিছু অংশের পরিস্থিতি নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে ৭ আগস্ট ব্রিটিশ ভ্রমণ নির্দেশনাও হালনাগাদ করা হয়েছে।
কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভের সূত্রপাত মূলত নির্বাচনী সংস্কারের দাবিকে কেন্দ্র করে। স্থানীয় অধিকারভিত্তিক আন্দোলন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি পাকিস্তান-সমর্থিত রাজনৈতিক দলগুলোর প্রভাব কমানো এবং অঞ্চলটির রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও বাস্তবসম্মত করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন শহরে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত বিধানসভার ১২টি আসন বাতিলের দাবি করেছে সংগঠনটি।
মে মাসের শেষ দিকে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর সংগঠনটি ৯ জুন পুরো অঞ্চলে ধর্মঘটের ডাক দেয়। এর আগে ৫ জুন কর্তৃপক্ষ সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে এবং অঞ্চলজুড়ে যোগাযোগব্যবস্থা সীমিত করে দেয়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তান সরকার অবশ্য বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, জনশৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক ইসাবেল লাসি বলেন, একটি তৃণমূল সংগঠনকে অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি পুরো অঞ্চলকে বাইরের বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া পাকিস্তানি কর্তৃপক্ষের কর্মকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরের আঞ্চলিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭ জুলাই ভোটগ্রহণ শুরু হয়। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, তাদের সমর্থকদের আটক রেখে ‘বন্দুকের নলের মুখে’ নির্বাচন আয়োজন করা হচ্ছে।
কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ একটি হিমালয় অঞ্চল। উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর দাবি করে, যদিও বর্তমানে অঞ্চলটি ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণে বিভক্ত।